বিয়ের শানাই বাজার বদলে কপালে দুশ্চিন্তার ভাঁজ উলুবেড়িয়ার শেখ মমিনুদ্দিনের পরিবারে। কারণ, আগামী ২৫ জানুয়ারি মমিনুদ্দিনের ছেলে মাজাহারুল ও মেয়ে মনীষার বিয়ের দিন ধার্য থাকলেও, কাকতালীয় ভাবে ওই দিনই তাঁদের ‘সার’ শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে বিয়ের প্রস্তুতি ফেলে ব্লক অফিসে হাজিরা দেওয়া নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন ওই দুই হবু দম্পতি।
উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের তেহট্ট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঁটাবেড়িয়া গ্রামের এই পরিবারের আগামী ২৫ ও ২৬ জানুয়ারি যথাক্রমে ছেলে ও মেয়ের বিয়ে। ২৭ জানুয়ারি ছেলের বৌভাত। কার্ড ছাপা এবং আত্মীয়-স্বজনদের নিমন্ত্রণ পর্ব ইতিমধ্যে শেষ। কিন্তু বিএলও-এর মারফৎ ২৫ জানুয়ারি শুনানির নোটিস আসায় বিড়ম্বনা বেড়েছে। মমিনুদ্দিনের কথায়, ছেলের বিয়ের দিনেই শুনানি পড়েছে, কী করব ভেবে পাচ্ছি না।
প্রশাসন অবশ্য কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে। উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের বিডিও স্নেহাশিস ভৌমিক জানিয়েছেন, বিশেষ পরিস্থিতিতে যে কেউ শুনানির দিন বদলানোর জন্য বিএলও-এর মাধ্যমে আবেদন করতে পারেন। পরিবারের আত্মীয় সাইদুল খাঁন জানান, তাঁরা সংশ্লিষ্ট দপ্তরে দিন বদলের বিষয়ে কথা বলেছেন।
বিধায়ক নির্মল মাজি এই তড়িঘড়ি শুনানির জন্য নির্বাচন কমিশনের সমালোচনা করলেও মাজাহারুল ও মনীষা যাতে নির্বিঘ্নে শুনানিতে অংশ নিতে পারেন, তার জন্য দলীয় কর্মীদের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।













