দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা আর বর্ষার জমা জলে নাজেহাল দশা ছিল গ্রামবাসীর। সেই ভোগান্তি কাটাতে এবার শীতেশনগরে একাধিক ঢালাই রাস্তার কাজ শুরু হলো। বুধবার মুর্শিদাবাদের লালগোলা ব্লকের দেওয়ানসড়াই অঞ্চলে এই প্রকল্পের শিলান্যাস করলেন বিধায়ক মহম্মদ আলী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের অধীনে প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যয়ে ঢালাই করা হবে এই পথগুলি। ফিতে কেটে শিলান্যাস সেরে থমকে থাকেননি বিধায়ক। নদীর পাড় ঘেঁষা প্রতিটি গলি নিজে ঘুরে দেখেন তিনি। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের স্পষ্ট বার্তা দিয়ে মহম্মদ আলী বলেন, কাজের গুণগত মান ঠিকঠাক হচ্ছে কি না তা খতিয়ে দেখতে হবে। দ্রুত এবং সরকারি মান বজায় রেখেই যেন সব কাজ সম্পূর্ণ করা হয়। জেলা পরিষদ সদস্য মোতাহার হোসেন রিপন ও অঞ্চল সভাপতি উজির হোসেনকে পাশে নিয়ে এদিন এলাকা পরিদর্শনে দীর্ঘ সময় কাটান বিধায়ক।
প্রশাসন সূত্রের খবর, দীর্ঘদিনের দাবি মেনে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এলাকাবাসীর মতে, পাকা রাস্তা না থাকায় বর্ষায় যাতায়াত কার্যত অসম্ভব হয়ে পড়ত। ঢালাই রাস্তার কাজ শুরু হওয়ায় খুশির হাওয়া শীতেশনগরে। উন্নয়নের এই রূপরেখা দেখে গ্রামের মানুষের কণ্ঠে এখন শুধুই প্রশস্তি। সরকারের এই জনমুখী কাজের মধ্য দিয়ে এলাকার আর্থ-সামাজিক পরিস্থিতির বদল আসবে বলে মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।















