Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলেন শুভেন্দু

মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলেন শুভেন্দু

যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে তুমুল বিশৃঙ্খলা এবং অব্যবস্থার ঘটনায় সরব হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে পুলিশ গ্রেফতার করলেও, রাজ্যের দুই মন্ত্রী ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং মন্ত্রী সুজিত বসুর গ্রেফতারির দাবি তুলেছেন তিনি। একইসঙ্গে রাজ্যের সম্মানহানির দায়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিও জানিয়েছেন শুভেন্দু ।

 

ঘটনার পর থেকেই তীব্র চাপানউতোর চলছে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে। রাজ্যের ডিজি রাজীব কুমার জানিয়েছেন, টিকিটের দাম ফেরত দেওয়া হবে এবং টাকা না ফেরালে আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মেসি-সহ সমস্ত দর্শকদের কাছে ক্ষমা চেয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। শুভেন্দু অধিকারীর অভিযোগ, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও সুজিত বসুর ব্যবসা, দর্শকদের দুরবস্থা ।

 

যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, মেসির গায়ে জোঁকের মতো চিটে রইলেন নেতা-মন্ত্রী-তারকারা, আর যাদের পিঠে কাঁঠাল ভেঙে মেসিকে দেখতে পাওয়ানোর লোভ দেখিয়ে হাজার হাজার টাকার টিকিট কাটানো হলো, সেই ফুটবলপ্রেমীদের ভাগ্যে জুটলো ৫-৭ মিনিটের জায়ান্ট স্ক্রিনের দর্শন । ফুটবলের রাজপুত্র লিয়োনেল মেসি যুবভারতীতে ঢোকা মাত্র অন্তত ১০০ জন নেতা মন্ত্রী ও তাদের আত্মীয় পরিজন সাগরেদদের ভিড় ঘিরে ধরে তাঁকে। ফলে গ্যালারি থেকে তাঁকে দেখার কোনো উপায় ছিল না । তাঁর তোপ, মোটা টাকায় টিকিট কেটেও দর্শকরা প্রিয় তারকাকে দেখতে পাননি। উপরন্তু, দর্শকদের জলের বোতল পর্যন্ত নিয়ে যেতে দেওয়া হয়নি, উল্টে বাধ্য করা হয় ২০ টাকার জল ২০০ টাকায় কিনতে। বিরোধী দলনেতার কথায়, ‘অথচ তৃণমূল নেতা মন্ত্রীরা ব্যবসা করে নিলেন এই সুযোগে।

 

এদের থেকে শকুনও ভালো !’ এক্স হ্যান্ডেলে তোপ দেগে শুভেন্দু অধিকারী এই বিশ্বাসঘাতকতার প্রেক্ষাপটে তিনটি প্রধান দাবি তুলেছেন, (১) গ্যালারির সমস্ত দর্শকদের টিকিটের দাম সম্পূর্ণ (১০০%) ফেরত দিতে হবে। (২) এই বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী সুজিত বসু এবং প্রধান আয়োজক শতদ্রু দত্তকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। (৩) গোটা বিশ্বের সামনে পশ্চিমবঙ্গের সম্মানহানির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

 

শুভেন্দুর কটাক্ষ, ভোটের আগে লিওনেল মেসির সাথে ছবি তুলে ‘খেলা হবে’ করতে গেছিলেন! উল্টে প্রতারিত দর্শক খেলা দেখিয়ে দিয়েছে। ইতিমধ্যে পুলিশ মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করেছে। তাঁকে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। অন্যদিকে, রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই উদ্যোক্তাদের গ্রেফতারির দাবি তুলেছিলেন। এখন দেখার, এই ঘটনার জেরে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে আর কী কী পরিবর্তন আসে। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন তদন্ত কমিটির রিপোর্টে কী তথ্য উঠে আসে, সেই দিকেই নজর সকলের।

READ MORE.....