ফলতার একদা প্রভাবশালী তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত তাঁর বাড়ি ভাঙার কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আদালত। সোমবার মামলার শুনানিতে রাজ্যের তরফে কয়েকটি স্থিরচিত্র জমা দেওয়া হলেও তাতে সন্তুষ্ট হয়নি আদালত। বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ, আগামী ১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি হবে।
ততদিন পর্যন্ত বাড়ি ভাঙার কোনও কাজ করা যাবে না। পাশাপাশি, এই মামলায় দুপক্ষের কাছ থেকেই হলফনামা চেয়েছে আদালত। উল্লেখ্য, বেআইনি নির্মাণের অভিযোগে ফলতার শ্রীরামপুরে জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার উদ্যোগ নেয় স্থানীয় পৌরসভা। সেই প্রক্রিয়া শুরু হতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন জাহাঙ্গির। তাঁর আবেদনের ভিত্তিতে আগেই বাড়ি ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল আদালত। এবার সেই নির্দেশের মেয়াদ আরও বাড়ানো হল। সোমবার শুনানির সময় রাজ্যের পক্ষ থেকে বাড়ি চিহ্নিতকরণ এবং নোটিস সংক্রান্ত কিছু স্থিরচিত্র আদালতে জমা দেওয়া হয়। কিন্তু ছবিগুলি খতিয়ে দেখে সন্তুষ্ট হননি বিচারপতি।
তাঁর পর্যবেক্ষণ, নোটিস দিতে যাঁরা ওই বাড়িতে গিয়েছিলেন, তাঁরা নির্দিষ্টভাবে বাড়িটি চিহ্নিত করেননি। ছবিতে কেবল একটি কলাপসিবল গেট দেখা যাচ্ছে। অন্যদিকে, জাহাঙ্গিরের আইনজীবীদের অভিযোগ, নোটিস দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় বিধি মানা হয়নি। আপাতত জেলে রয়েছেন জাহাঙ্গির খান ওরফে স্বঘোষিত পুষ্পা। ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো এবং তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এরই মধ্যে বেআইনি নির্মাণের অভিযোগে বাড়ি ভাঙার নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এবার ১ ডিসেম্বরের শুনানিতে দুপক্ষের হলফনামা ও নথি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নিতে পারে আদালত। আপাতত হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে জাহাঙ্গিরের পরিবার।














