সই জাল কাণ্ডে টানা সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ভবানী ভবন থেকে বেরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও বেরিয়ে একটি কথাও বলেননি তিনি। সোজা গাড়িতে উঠে বেরিয়ে যান তিনি। যান কালীঘাটে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠকে যোগ দেন অভিষেক। এদিন সাংসদ কালীঘাটে পৌঁছতেই ওঠে ‘চোর’ স্লোগান।
সই জাল কাণ্ডে দীর্ঘ টালবাহানার পর গত বৃহস্পতিবার প্রথম সিআইডি দপ্তরে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে শোনা গিয়েছিল, অধিকাংশ প্রশ্নের জবাবেই ‘জানি না’ বলে দায় এড়িয়েছিলেন।
ফলে তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ ওঠে। আজ, রবিবার ফের তাঁকে তলব করা হয়। এদিন নির্ধারিত সময়েই সিআইডি দপ্তরে পৌঁছে যান তিনি। দীর্ঘক্ষণ তাঁকে একা জেরা করা হয়। সাড়ে তিনটে নাগাদ বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ হাজিরা দেন একই মামলায়। সূত্রের খবর, বেশ কিছুক্ষণ তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে কুণাল ঘোষ বেরিয়ে যাওয়ার পরও কিছুক্ষণ অভিষেককে জিজ্ঞাসাবাদ করেন সিআইডি আধিকারিকরা। ঘড়ির কাঁটায় সাড়ে আটটা নাগাদ ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাট যান তিনি।












