নয় বছরের ব্যবধানে আবারও ইজরায়েলের মাটিতে পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিট (ভারতীয় সময় বিকেল ৪টে ৩০ মিনিট) নাগাদ রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানে তাঁকে স্বাগত জানাতে সস্ত্রীক হাজির ছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বিমান থেকে নামতেই মোদিকে উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করেন নেতানিয়াহু, যা দুই দেশের গভীর কৌশলগত ও ব্যক্তিগত বন্ধুত্বেরই বহিঃপ্রকাশ। বিমানবন্দরের লাল কার্পেটে মোদিকে স্বাগত জানানোর সময় এক নজরকাড়া ও মজাদার মুহূর্ত তৈরি হয়।
এদিন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু গেরুয়া রঙের স্যুট পরেছিলেন। কাকতালীয়ভাবে প্রধানমন্ত্রী মোদির পকেট স্কোয়ারের রংও ছিল গেরুয়া। সারা যখন মোদির সঙ্গে কথা বলছিলেন, তখন দু’জনের পোশাকের রঙের সাদৃশ্য নিয়ে রসিকতা করেন নেতানিয়াহু। উপস্থিত আলোকচিত্রিরা দুই রাষ্ট্রনেতার এই হালকা মেজাজের মুহূর্তটি ফ্রেমবন্দি করতে ভুল করেননি। প্রধানমন্ত্রীর এই দু’দিনের সফরে প্রতিরক্ষা এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিমানবন্দরে নামার আগে এক বিবৃতিতে মোদি জানান, বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবন, কৃষি, জল ব্যবস্থাপনা এবং নিরাপত্তার মতো বহুমুখী ক্ষেত্রে ইজরায়েলের সঙ্গে অংশীদারিত্ব বাড়াতে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে খবর, দুই নেতা ভারত-ইজরায়েল কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করবেন এবং ভবিষ্যতের নতুন সুযোগগুলো নিয়ে আলোচনা করবেন। সফরের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ইজরায়েলি সংসদ ‘নেসেট’-এ প্রধানমন্ত্রী মোদির ভাষণ। খুব কম বিশ্ব নেতাই এই সম্মানে ভূষিত হয়েছেন। ভাষণের শুরুতে আবেগপ্রবণ হয়ে মোদি বলেন, ‘যেদিন ভারত ইজরায়েলকে স্বীকৃতি দেয়, সেদিনই আমার জন্ম। আমি আমার সঙ্গে ১৪০ কোটি ভারতীয়র শুভেচ্ছা ও বন্ধুত্বের বার্তা নিয়ে এসেছি।’ তিনি সাম্প্রতিক জঙ্গি হামলায় প্রাণ হারানোদের প্রতি গভীর সমবেদনাও জানান। ছবি সোশ্যাল মিডিয়া ।













