ওয়াঘা সীমান্তে ইমতিয়াজ-রহমনের শো দেখে আপ্লুত লাহোরের যুবক। সম্প্রতি এমনই নজির গড়লেন ‘জব উই মেট’ খ্যাত পরিচালক ইমতেয়াজ আলি ও সুরকার এ.আর. রহমনের এক ‘অন্ধ ভক্ত’। পছন্দের তারকাকে এক ঝলক দেখতে সুদূর লাহোর থেকে কুড়ি কিলোমিটার পথ পাড়ি দিয়ে আত্তারি-ওয়াঘা সীমান্তে পৌঁছেছেন এক পাক ভক্ত। শুনতে অবাক লাগলেও এটাই ঘোর বাস্তব। উল্লেখ্য, একটু পিছন ফিরে তাকালে মনে পড়ে যায় বলিউডের বহু তারকার অনুগামীরা বিভিন্ন সময় তাঁদের পছন্দের নায়ককে দেখতে অসাধ্য সাধন করেছেন।
এই মুহূর্তে ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’র প্রচারে ব্যস্ত পরিচালক। ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপটে নির্মিত এই ছবির প্রচারের অংশ হিসেবে পাঞ্জাবের আত্তারি-ওয়াঘা সীমান্তে যোগ দেন সুরকার এ.আর. রহমন। সেই বিশেষ অনুষ্ঠানের নাম ছিল ‘জয় হো-আ মিউজিক্যাল স্যালুট টু দ্য ব্রেভহার্টস’। সীমান্তে প্রথমবার লাইভ সঙ্গীত পরিবেশন করলেন এ আর রহমান। শুধু ভারতীয়রাই নন, পাকিস্তান থেকেও অনেক ভক্ত রহমান ও ইমতিয়াজকে এক ঝলক দেখতে সীমান্তে ভিড় জমিয়েছিলেন।













