২০২৬ ফিফা বিশ্বকাপে ভারতের খেলার স্বপ্ন এখনও অধরাই রয়ে গিয়েছে। বিশ্বকাপের মূল পর্বে পৌঁছানোর দীর্ঘ অপেক্ষা আরও দীর্ঘায়িত হয়েছে। তবে ভারত দলগতভাবে না থাকলেও, এবারের বিশ্বকাপের মঞ্চে আলো ছড়াতে প্রস্তুত চারজন ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার। বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞে তাঁরা ভিন্ন দেশের হয়ে প্রতিনিধিত্ব করলেও, তাঁদের উপস্থিতি ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য নিসন্দেহে কিছুটা হলেও সান্ত্বনার বিষয়। এই চারজন তারকা খেলোয়াড় হলেন নিউজিল্যান্ডের সরপ্রীত সিং, কাতারের তাহসিন মোহাম্মদ জামশিদ, ডিআর কঙ্গোর স্যামুয়েল মুতুসামি এবং অস্ট্রেলিয়ার নিশান ভেলুপিল্লাই।
এদের মধ্যে ভারতীয় ভক্তদের কাছে সবচেয়ে পরিচিত নাম হলো নিউজিল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডার সরপ্রীত সিং। অকল্যান্ডে জন্মগ্রহণ করা ২৭ বছর বয়সি সরপ্রীতের পরিবারের শিকড় রয়েছে পাঞ্জাবের জলন্ধরে। ২০১৯ সালে তিনি ইউরোপের অন্যতম সেরা ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দিয়ে খবরের শিরোনামে এসেছিলেন। বর্তমানে তিনি নিউজিল্যান্ড দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। অন্যদিকে, কাতার জাতীয় দলের হয়ে মাঠে নামবেন বছর কুড়ির তরুণ ফুটবলার তাহসিন মোহাম্মদ জামশিদ।
দোহাতে জন্মগ্রহণ করলেও তাঁর বাবা-মা আদতে কেরালার কান্নুর জেলার বাসিন্দা। এছাড়াও, তামিল বংশোদ্ভূত ফরাসি নাগরিক স্যামুয়েল মুতুসামি প্রতিনিধিত্ব করছেন ডিআর কঙ্গোর হয়ে এবং আরেক প্রতিভাবান উইঙ্গার নিশান ভেলুপিল্লাই সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়া জাতীয় দলে। সরাসরি ভারতের পতাকা বিশ্বকাপে না উড়লেও, এই চার তারকার পারফরম্যান্সের দিকে যে গোটা বিশ্বের পাশাপাশি ভারতীয়দেরও বিশেষ নজর থাকবে, তা বলাই বাহুল্য।














