চোখের জলে মাঠ ছাড়েন রোনাল্ডো! বিশ্বকাপ ফুটবল মানেই রাতজাগা চোখে রঙিন সব মেঘ। অসাধারণ গোল, দুরন্ত সেভ, দাঁতচাপা লড়াইয়ের কোলাজগুলি প্রতিযোগিতা শেষ হলেই ফুরিয়ে যায় না। থেকে যায় স্মৃতিসুধায়। কিন্তু কেবলই ভালো নয়, ‘কালো’ও থাকে বিস্তর।
এপ্রসঙ্গে ২০০৬ বিশ্বকাপে জিদানের সেই ঢুঁসোর কথা মনে পড়বেই। কিন্তু কেবলই ওই ঢুঁসো নয়, জার্মানিতে আয়োজিত গোটা ২০০৬ বিশ্বকাপটাকেই ধরা হয় বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে ‘নোংরা’ বিশ্বকাপ হিসেবে। সবশুদ্ধ ৩৪৫ হলুদ কার্ড ও ২৮টা লাল কার্ডই বুঝিয়ে দেয় ‘মারামারি’ কোন পর্যায়ে পৌঁছেছিল। আর সব ম্যাচের মধ্যমণি ‘দ্য ব্যাটেল অফ নুরেমবার্গ’।
পর্তুগাল বনাম নেদারল্যান্ডসের সেই ম্যাচ এখনও অনেকের স্মৃতিতে উজ্জ্বল। বিশেষ করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অনুগামীদের। খেলার বয়স যখন ৩৩ মিনিট, সিআর৭ চোট পেয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে যান মাঠ থেকে। নেপথ্যে ছিলেন বোলহারোজ। সেই বিশ্রী ফাউল বোধহয় এখনও রয়ে গিয়েছে দর্শকদের মনে। বোলহারোজ অবশ্য লাল কার্ড দেখেছিলেন, দু’বার হলুদ কার্ড দেখার ফলে। কিন্তু সেটা নেহাতই ‘হিমশৈলের চুড়ো’। গোটা ম্যাচে ১৬টি হলুদ কার্ড, চারটি লাল কার্ড!














