কাঁঠাল খেতে এসে মর্মান্তিক দুর্ঘটনা। কুয়োয় পড়ে মৃত্যু হলো এক হস্তীশাবকের। বৃহস্পতিবার ভোররাতে হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার চাঁদাবিলা রেঞ্জের অন্তর্গত বাছুরখোয়াড় গ্রামে। চোখের সামনে সন্তানের মর্মান্তিক পরিণতিতে মা হাতির অসহায় আর্তনাদ আর করুণ ডাকে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। স্থানীয় ও বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৩টে থেকে সাড়ে ৩টে নাগাদ ২২ থেকে ২৫টি হাতির একটি দল জঙ্গল লাগোয়া বাছুরখোয়াড় গ্রামে ঢুকে পড়ে। গ্রামের পাশে থাকা একটি গাছে কাঁঠাল খাওয়ার লোভেই সেখানে জড়ো হয়েছিল দলটি।
সেই সময়ই অসাবধানতাবশত দলের একটি ছোট্ট শাবক গাছের পাশেই থাকা একটি গভীর কুয়োর ভেতরে পড়ে যায়। জানা যায়, সন্তানকে বাঁচাতে মা হাতিটি দীর্ঘক্ষণ আপ্রাণ চেষ্টা চালায়। কিন্তু কুয়োটি বেশ গভীর হওয়ায় কোনোভাবেই শাবকটিকে টেনে তোলা সম্ভব হয়নি। গভীর রাতে মা হাতির সেই আকুল চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে আসেন। পরিস্থিতি বেগতিক বুঝে তড়িঘড়ি খবর দেওয়া হয় বনদপ্তরে। খবর পেয়ে চাঁদাবিলা রেঞ্জের বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
যুদ্ধকালীন তৎপরতায় বাচ্চা হাতিটিকে কুয়ো থেকে উদ্ধার করার কাজ শুরু হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। কুয়ো থেকে উদ্ধারের আগেই ভেতরে মৃত্যু হয় ওই শাবকটির। বন্যপ্রাণী ও প্রকৃতির এই অনাকাঙ্ক্ষিত ক্ষতিতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।














