নতুন বছরের শুরুতেই ফের রাজ্য পুলিশে বড়সড় রদবদল করল নবান্ন। সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি জারি করে একসঙ্গে ২৬ জন পুলিশকর্তাকে বদলি করা হয়েছে। এই তালিকায় ২৩ জন আইপিএস আধিকারিকের পাশাপাশি ৩ জন ডব্লিউবিপিএস অফিসারও রয়েছেন। মেদিনীপুর থেকে বিধাননগর, এমনকি উত্তরবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ পদেও ব্যাপক রদবদল করা হয়েছে।
বদলির তালিকায় নজর কাড়ছে মেদিনীপুর রেঞ্জ। এখানকার ডিআইজি অনুপ জয়সওয়ালকে বদলি করা হয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডিতে। সেখানে তিনি আইজি পদে যোগ দিচ্ছেন। অন্যদিকে, মেদিনীপুর রেঞ্জের বর্তমান ডিআইজি অরিজিৎ সিংহকে নিজের পদের পাশাপাশি অতিরিক্ত হিসেবে জঙ্গলমহল ব্যাটালিয়নের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও বড় বদল এসেছে।
কালিম্পংয়ের এসপি শ্রীহরি পাণ্ডেকে পদোন্নতি দিয়ে উত্তরবঙ্গ আইবি দফতরের ডিআইজি করা হয়েছে। বিধাননগর ও হাওড়া পুলিশ কমিশনারেটেও একাধিক মুখবদল হয়েছে। বিধাননগরের ডিসি (ট্রাফিক) নিমা নরবু ভুটিয়াকে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর কমান্ডান্ট পদে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় নতুন ডিসি (ট্রাফিক) হয়ে আসছেন মাতওয়ানা মীতকুমার সঞ্জয় কুমার। তিনি বর্তমানে কৃষ্ণনগর পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি পদে কর্মরত। আবার বিধাননগরের অ্যাডিশনাল ডিসি মণীশ জোশীকে পদোন্নতি দিয়ে ওই কমিশনারেটেরই গোয়েন্দা বিভাগের ডিসি করা হয়েছে।
হাওড়া কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) বিশ্বজিৎ মাহাতো এবার থেকে দায়িত্ব সামলাবেন বিধাননগর স্পেশ্যাল ব্রাঞ্চের ডিসি হিসেবে। দক্ষিণ দিনাজপুরের অ্যাডিশনাল এসপি ইন্দ্রজিৎ সরকার দায়িত্ব পাচ্ছেন এসটিএফের এসপি পদে। আইবির জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গায়কোয়াড় নীলেশ শ্রীকান্তকে ঘাটালের এসডিপিও করে আনা হয়েছে। বীরভূমের অ্যাডিশনাল এসপি রানা মুখোপাধ্যায় এবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের স্পেশ্যাল ব্রাঞ্চের ডিসির দায়িত্ব পালন করবেন।
ডব্লিউবিপিএস আধিকারিকদের মধ্যে কার্শিয়ঙের অ্যাডিশনাল এসপি অভিষেক রায়কে হাওড়া গ্রামীণে পাঠানো হয়েছে। বনগাঁ পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি সুমন্ত কবিরাজ আইবি-র অ্যাডিশনাল স্পেশ্যাল সেক্রেটারি হচ্ছেন এবং জঙ্গিপুরের শান্তনু চৌধুরী আসছেন বনগাঁর নতুন অ্যাডিশনাল এসপি হিসেবে। লোকসভা ভোটের আগে বা প্রশাসনিক প্রয়োজনে এই রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।














