প্রথমে মাত্র ২৬ আসনের প্রস্তাব। তারপর একতরফা পাঁচ আসনে প্রার্থী ঘোষণা করে দেওয়া। উত্তরপ্রদেশে জোট আলোচনার মধ্যে সমাজবাদী পার্টির কার্যকলাপে যারপরনাই ক্ষুব্ধ কংগ্রেস। উত্তরপ্রদেশের সাহারানপুরের সাংসদ ইমরান মাসুদ বলছেন, ‘আমরা তো ভিখারি নই।’ পরিস্থিতি বেগতিক বুঝে আসরে নেমেছেন খোদ অখিলেশ যাদব। তিনি বলছেন, কংগ্রেসকে যে ২৬ আসন ছাড়া হয়েছে, সেটা প্রাথমিক পর্বের। তার মানে এই নয় যে হাত শিবির মাত্র ২৬ আসনই পাবে।
কংগ্রেস এবং সমাজবাদী পার্টি দু’পক্ষই জোটে আগ্রহী। দুই শিবিরই প্রকাশ্যে বলছে জোটের ব্যাপারে তাঁরা আন্তরিক। অথচ কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, প্রকাশ্যে মতের মিল হলেও মনের মিল হচ্ছে না দুই শিবিরের। জোট আলোচনার শুরুতেই সমাজবাদী পার্টির কাছে ১৮১ থেকে কমে ১৩০টি আসনের প্রস্তাব দিয়েছিল কংগ্রেস। কিন্তু তাতেও পালটা ‘অসম্মান’ই জুটেছে। কংগ্রেসকে ২৬টি আসনে লড়ার প্রস্তাব দিয়েছে সমাজবাদী পার্টি। শুধু তাই নয়, ওই নামমাত্র অফার দেওয়ার পর নিজেদের মতো করে পাঁচ আসনে প্রার্থীও ঘোষণা করে দিয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।














