কালনার শ্মশান ঘাটের ইলেকট্রিক চুল্লির উপরের একটি অংশে দুপুর থেকে আগুন বেরোতে থাকে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। হঠাৎ ইলেকট্রিক চুল্লি বিকল হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন মৃতদেহ দাহ করতে নিয়ে আসা মৃতের পরিবার-পরিজনরা। জানা গিয়েছে, দুপুর নাগাদ আচমকাই চুল্লির উপরের অংশ দিয়ে কালো ধোঁয়া বেরোতে শুরু করে। বিকল হয়ে যায় চুল্লি। তখনো তিনটি দেহ থাকে শ্মশানে। ফলে বিপাকে পড়েন মৃতদেহ দাহ করতে নিয়ে আসা তাদের পরিজনেরা।
স্থানীয় এলাকায় কাঠ না পাওয়ায় তারাও সমস্যার মধ্যে পড়েন। কালনা শ্মশানঘাটে এই ঘটনা নতুন নয়, কয়েক মাস আগে সেখানে একই ঘটনার জন্য কয়েক দিন বন্ধ ছিল শবদাহ। অন্যদিকে শ্মশানের মেইনটেনেন্সের জন্য দীর্ঘদিন বন্ধ ছিল চুল্লি, ফের একবার এমন ঘটনা ঘটায় সমস্যায় পড়েন মৃতদেহ দাহ করতে আসা মৃতের পরিজনরা। যদিও এই প্রসঙ্গে কালনা পৌরসভার উপ পৌরপতি তপন পড়েল বলেন, ধোঁয়া নির্গত হওয়ার একটি মেশিন বিকল হয়ে গেছে। মেজর সমস্যা কিছু নয়। খুব দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।














