বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে বিজয়ার সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সম্পাদক প্রাক্তন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃণাল চৌধুরী সহ আরো অনেকে।
ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো অনুষ্ঠানে উপস্থিত সকলকে এবং মেদিনীপুর শহরবাসীকে শুভ বিজয়ার শুভেচ্ছা ও আগাম দীপাবলি ,কালী পূজা ও ছট পূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্য বাংলার উন্নয়নের কাজ করছেন ,আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শুরু করে নজির সৃষ্টি করেছেন। কিন্তু বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার বাংলার মানুষকে ভাতে মারার জন্য বাংলার প্রাপ্য টাকা বাংলাকে দেয়নি। বাংলার উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য চক্রান্ত শুরু করেছে।
হিন্দু মুসলিম করে বিজেপি বাংলায় বিভাজনের রাজনীতি শুরু করেছে। বাংলা ভাষীদের উপর বিজেপি শাসিত রাজ্যগুলোতে অত্যাচার করা হচ্ছে। তাই বাংলা বিরোধী বিজেপিকে, বাংলা ভাষা বিরোধী বিজেপিকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলা থেকে উৎখাত করতে হবে, তার জন্য দলের কর্মীও সমর্থকদের তিনি এখন থেকেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই কাজ শুরু করার আহ্বান জানান।
ওই সভায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা বলেন আপনারা এসআইআর নিয়ে ভয় পাবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন। যদি সঠিক একটি ভোটারের নাম বাদ যায় তাহলে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে আন্দোলন করবে। কারণ বিজেপি হেরে যাওয়ার ভয়ে বাংলার নামে বদনাম করার জন্য চক্রান্ত শুরু করেছে। তাই সকলকে তিনি নিজেদের এলাকার উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।














