‘একটা ছোট্ট বিজয় মিছিল বলা যেতে পারে’, এমনই কথা বলতে শোনা গেল মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ জুন মালিয়ার গলায়। শেষ রবিবাসরীয় ভোট প্রচার করতে আসেন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। এই দিন একটা বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় বারুইপুর পশ্চিম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেই বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত থেকে এই কথা বলেন জুন মালিয়া।
২৯ এপ্রিল দক্ষিণ ২৪ পরগনা জেলার বিধানসভার ভোট। ২৫ এপ্রিল ২০২৬ তারিখ ভোটের আগে শেষ রবিবাসরীয়তে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচার তুঙ্গে। বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মেদিনীপুরের তৃণমূলের সাংসদ জুন মালিয়া বারুইপুর ১২ নম্বর ওয়ার্ডের সোনার তরী কমপ্লেক্সের সামনে থেকে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা করেন। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন জুন মালিয়া ছাড়াও বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায়, বারুইপুর পৌরসভার একাধিক পৌরপিতা, পৌরমাতা এবং বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের দশটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
এই শোভাযাত্রা সোনার তরী কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে শেষ হয় বারুইপুর রাস মাঠে। দীর্ঘ ৩ কিলোমিটার পথ এই পদযাত্রা হয়। জুন মালিয়া সাংবাদিকদের বলেন, ‘আমি বিমানদার ডাকে এসেছি, অলরেডি বিমানদা এই সিট প্রায় জিতে গেছেন, আজকে একটা ছোট্ট বিজয় মিছিল বলা যেতে পারে। আমার দৃঢ় বিশ্বাস বারুইপুরের মানুষেরা বিমান বন্দ্যোপাধ্যায়কে ২৯ তারিখে বিপুল ভোট দিয়ে জয়লাভ করাবেন।’













