শুক্রবারের পর শনিবারেও তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিরোধী রাজনৈতিক দল থেকে আগত শতাধিক কর্মী ও সমর্থক। এদিন হাওড়ার শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীতে খাড়ুবেড়িয়া অঞ্চলের আইএসএফ থেকে আগত শতাধিক কর্মী, সমর্থক তৃণমূলে যোগদান করলেন। এছাড়াও তৃণমূলে যোগদান করলেন একসময় তৃণমূল ছেড়ে যাওয়া বিজেপি নেতা অতনু মন্ডল। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক অরুণাভ সেন।
উল্লেখ্য, শুক্রবার শ্যামপুরের ৫৮ গেটে আয়োজিত তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চে মন্ত্রী পুলক রায়ের হাত ধরে বিভিন্ন রাজনৈতিক দলের পাঁচ শতাধিক পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। শনিবারের অনুষ্ঠানে বিধায়ক অরুণাভ সেন ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়, বিধায়ক কালিপদ মন্ডল, সুকান্ত কুমার পাল, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জুলফিকার আলি মোল্লা, শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নদেবাসী জানা প্রমুখ।















