Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

সংবিধান দিবস নিয়ে বিরোধীদের নিশানা মুখ্যমন্ত্রীর

সংবিধান দিবস নিয়ে বিরোধীদের নিশানা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বিগত সরকার গণতন্ত্র মানেনি। বিগত দিনে যাঁরা সংবিধান মানেননি, আজ তারা সংবিধানের কথা বলছেন। সংবিধান দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিধানসভায় বাবাসাহেব আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানাতে গিয়ে এভাবেই বিরোধীদের তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী আরও বলেন, যারা জরুরি অবস্থার কালো দিন ভারতবর্ষে এনেছিলেন, তাঁদের বা তাঁদের সহযোগীদের কোনও অধিকার নেই সংবিধান নিয়ে কথা বলার। সংবিধান দিবস প্রসঙ্গে এভাবেই ফের কংগ্রেসকে নিশানা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বিগত দিনে যাঁরা সংবিধান মানেননি তাঁরা আজ সংবিধানের কথা বলছেন। মানুষ সব জানে। ভোট পরবর্তী হিংসা দেখেছে সবাই। ৫০ বছর পর রাজ্যে এমন একটা নির্বাচন হয়েছে যেখানে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। কেউ আহত হয়ে হাসপাতালে যাননি। ফলতা ছাড়া আর কোথাও রিপোল হয়নি। এর জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তিনি। কংগ্রেসকে নিশানা করে মুখ্যমন্ত্রীর জানান, সর্বভারতীয় ক্ষেত্রে সংবিধানকে সামনে রেখে যাঁরা লড়ার চেষ্টা করছেন তাঁরা সব নির্বাচনে হেরেছেন।

তাঁদের কাছে ২ রকমের নীতি। একই ভোটে তাঁরা কেরলে, তামিলনাড়ুতে জিতলে তাঁদের জয় হয়, এনডিএ হারে। আবার অসম, বিহার, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্রে বিজেপি জিতলে বলে ইভিএমে কারচুপি হয়েছে, গণতন্ত্র বিপন্ন। রাজস্থানে পুরসভা ভোটে হারলে বলে বিজেপি ক্ষমতার অপপ্রয়োগ করেছে। আবার পঞ্চায়েত নির্বাচনে জিতলে বলে, গ্রাম থেকে শুরু হল জয়যাত্রা। সকালে এক, বিকেলে আর এক, রাতে আবার আর এক কথা বলে। শুভেন্দুর কথায়, যাঁরা জরুরি অবস্থার কালো দিন ভারতে এনেছিলেন তাঁদের বা তাঁদের সহযোগি ইন্ডি জোটের কোনও অধিকার নেই সংবিধান দিবস পালন করার বা সংবিধানের কথা বলার। যাঁরা শিখ দাঙ্গা করায় তাঁদের মুখে সংবিধানের কথা মানায় না। যারা বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হলে মিছিল করে না, যারা গাজায় সন্ত্রাসবাদীদের উপর বোমা পড়লে মিছিল বের করেন। তাঁদের মুখে সংবিধানের কথা মানায় না।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাল্টা সমালোচনা করে মমতাপন্থী তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। নিশ্চিতভাবেই বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই শুভেন্দু অধিকারী-সহ আজ যাঁরা বিজেপিতে রয়েছেন, তাঁদের অনেকেই প্রথমে তৃণমূলের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীকালে তাঁরা বিজেপির জনপ্রতিনিধি হয়েছেন। অর্থাৎ, নির্বাচনে অংশগ্রহণ এবং জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার গণতান্ত্রিক প্রক্রিয়া তখনও চালু ছিল। অন্যদিকে, দার্জিলিং ও কার্শিয়ংয়ের মধ্যে রোপওয়ে পরিষেবা চালুর সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। এ বার দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ পর্যন্ত রোপওয়ে পরিষেবা চালুর সম্ভাবনাও খতিয়ে দেখতে উদ্যোগী হল রাজ্য সরকার।

বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এই বৈঠকেই রাজ্যের একাধিক পরিকাঠামোগত প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। সেখানে রোপওয়ের বিষয়ে বিস্তারিত প্রকল্প রিপোর্ট (ডিপিআর) তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, রাজ্য সরকারের তরফে উত্থাপিত সমস্ত প্রস্তাবেই নীতিগত সম্মতি জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

READ MORE.....