আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের বাদ পড়া নিছক খেলার মাঠের ঘটনা নয়, বরং এর নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক সমীকরণ। এমনটাই মনে করছেন বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানান, এই পরিস্থিতির সূত্রপাত হয়েছে ভারতের পক্ষ থেকেই। কলকাতা নাইট রাইডার্স তথা বিসিসিআইয়ের নেওয়া এই সিদ্ধান্তকে ‘দুর্ভাগ্যজনক’ বলে আখ্যা দিয়েছেন তিনি।
সালেহউদ্দিনের মতে, দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের এই টানাপড়েন কারও জন্যই শুভ ফল বয়ে আনবে না। পুরো ঘটনার সূত্রপাত আসন্ন আইপিএলে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে ব্রাত্য রাখার সিদ্ধান্তে। নাইট রাইডার্স শিবিরে ফিজের জায়গা না পাওয়াকে কেন্দ্র করে দুই দেশের ক্রীড়া মহলে উত্তেজনা ছড়ায়। পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশ সরকারও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ইঙ্গিত দেয়। শুধু তাই নয়, বাংলাদেশে আইপিএলের সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার নির্দেশ দিয়েছে ইউনুস প্রশাসন।
এই সামগ্রিক পরিস্থিতিকে রাজনৈতিক রেষারেষির ফল হিসেবেই দেখছেন অর্থ উপদেষ্টা। সালেহউদ্দিন আহমেদের মতে, মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার বিষয়টি এখন আর ক্রিকেটের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। তিনি স্পষ্ট করেন, মুস্তাফিজ তাঁর নিজের যোগ্যতায় এবং পারফরম্যান্সের জোরেই আইপিএলে ডাক পেয়েছিলেন। তাঁকে দয়া করে নেওয়া হয়নি। তাই কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া হুট করে তাঁকে বাদ দেওয়া অত্যন্ত অনভিপ্রেত। এই প্রসঙ্গে তিনি ইতিহাসের পাতা থেকে অ্যাডলফ হিটলারের আমলের অলিম্পিকের উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, হিটলারকে ঘৃণা করলেও তৎকালীন সময়ে অলিম্পিকে অংশ নিতে বিশ্বের সব প্রান্তের মানুষ গিয়েছিলেন। খেলা এবং রাজনীতিকে আলাদা রাখাই শ্রেয় বলে তিনি মনে করেন।
বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত অর্থনীতি বা জনজীবনে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বেশ নির্ভার ছিলেন। অর্থ উপদেষ্টা জানান, ক্রয় কমিটির বৈঠকে খেলা নিয়ে কোনো আলোচনাই হয়নি এবং দেশের ওপর এর কোনো প্রভাব পড়েনি। তবে তিনি মনে করেন, পুরো সিদ্ধান্তটি আবেগের বশবর্তী হয়ে নেওয়া হয়েছে। দুই পক্ষ যদি আর একটু সংবেদনশীল হতো এবং আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করত, তবে পরিস্থিতি এতটা জটিল হতো না। আপাতত মুস্তাফিজকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি ক্রিকেটীয় উত্তাপ থামার কোনো লক্ষণ নেই। ফাইল ফটো ।














