রাজ্যের সাংবাদিকদের জন্য একগুচ্ছ সুবিধার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে তিনি জানান, এবার থেকে রাজ্যের সমস্ত অবসরপ্রাপ্ত সাংবাদিক পেনশন বাবদ মাসে পাবেন ৫ হাজার টাকা। শুধু তাই নয়, বর্তমানে কর্মরত সাংবাদিকরাও আসন্ন পুজোর আগে পাবেন বিশেষ বোনাস। পাশাপাশি রাজ্যের সব সাংবাদিক মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার আওতাতেও আসবেন বলে জানান তিনি।বেশ কয়েক বছর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য পেনশন প্রকল্প চালু করেছিলেন, যেখানে মাসিক ২৫০০ টাকা করে পেতেন প্রাপকরা। তবে সেই সুবিধা পেতেন শুধুমাত্র যাঁদের অ্যাক্রিডিটেশন কার্ড ছিল, অর্থাৎ মূলত ফিল্ডে কর্মরত সাংবাদিকরা। যেহেতু এই কার্ড ইস্যু হয় সংস্থার গুণমান যাচাইয়ের ভিত্তিতে, তাই ডেস্কে কর্মরত বহু সাংবাদিক বছরের পর বছর কাজ করলেও এই সরকারি সুবিধার বাইরে থেকে যেতেন। এবার তাঁদের কথা মাথায় রেখেই নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দু জানান, এবার থেকে অ্যাক্রিডিটেশন কার্ড না থাকলেও অবসরপ্রাপ্ত সাংবাদিকরা পেনশনের সুবিধা পাবেন। এতদিন পুজোর আগে যে সামান্য বোনাস পেতেন অ্যাক্রিডিটেশনধারী সাংবাদিকরা, তা বাড়িয়ে করা হয়েছে ৩ হাজার টাকা। এক্ষেত্রেও অ্যাক্রিডিটেশন কার্ডের প্রয়োজনীয়তা তুলে দেওয়া হয়েছে- আবেদনকারী যে কোনও সাংবাদিকই এই পুজো বোনাস পাবেন।সংবাদমাধ্যমের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, সমালোচনা বা গঠনমূলক আলোচনা করতে কোনও বাধা নেই, প্রয়োজনে দেখা করতেও আসা যাবে। তবে দেশপ্রেমের প্রশ্নে সকলকে কঠোর অবস্থান নিয়ে চলার আহ্বান জানান তিনি। তাঁর কথায়, দেশ দুর্বল বা অস্থির হয়, এমন কোনও কাজ করা উচিত নয়। সরকারের বা দলের সমালোচনা করা গেলেও দেশপ্রেমের বিষয়ে কোনওরকম শিথিলতা বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট করে দেন তিনি। পাশাপাশি এমন কোনও ভাষা ব্যবহার না করার অনুরোধও জানান, যা কারও ধর্মীয় আস্থায় আঘাত করতে পারে।














