মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে রাজ্য জুড়ে রান্নার গ্যাসের হাহাকার শুরু হয়েছে। এবার তা সামাল দিতে ময়দানে নামলো রাজ্য পুলিশ। রান্নার গ্যাসের কালোবাজারি রুখতে বাঁকুড়ার কোতুলপুরে যেমন পুলিশের নজরদারি শুরু হয়েছে তেমনই গ্যাসের দোকানের সামনে লম্বা লাইনে দাঁড়ানো গ্রাহকদের সঙ্গে কথা বলে ও আস্বাস দিয়ে তাঁদের এবিষয়ে অযথা আতঙ্কিত হওয়ার পরামর্শ দিতে দেখা গেল কোতুলপুর থানার পুলিশকে। কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রক ইতিমধ্যেই ঘোষণা করেছে দেশে রান্নার গ্যাসের কোনো সঙ্কট নেই। কিন্তু তারপরেও মানুষের আতঙ্ক যেন কিছুতেই কাটছে না।
পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাসের সঙ্কটও। প্রতিদিন রান্নার গ্যাসের দোকানগুলি উপচে পড়ছে গ্রাহকদের ভিড়ে। এই পরিস্থিতিতে রাজ্যে যাতে কোথাও রান্নার গ্যাসের কালোবাজারি না হয় তা নিশ্চিত করার জন্য তৎপর হয়েছে রাজ্য সরকার। এবার সেই তৎপরতা দেখা গেল বাঁকুড়ার কোতুলপুরে। কোতুলপুর থানার ওসির নেতৃত্বে পুলিশ বাহিনী গ্যাসের দোকানগুলি পরিদর্শন করার পাশাপাশি কোথাও রান্নার গ্যাসের কালোবাজারি হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন।
গ্যাসের দোকানের সামনে থাকা লাইনে দাঁড়ানো গ্রাহকদের সঙ্গে কথা বলে তাঁদের অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শও দিতে দেখা যায় কোতুলপুর থানার পুলিশকে। রান্নার গ্যাসের এই সঙ্কটকালে পুলিশের তৎপরতায় কিছুটা হলেও আস্বাস্ত কোতুলপুর এলাকার গ্রাহকেরা।














