বিরোধী দল হিসেবে দীর্ঘদিন সংগঠন সামলানোর পর এবার সরকারে এসেও পুরনো সংগঠকের উপরই আস্থা রাখল বিজেপি।বৃহস্পতিবার সর্বভারতীয় বিজেপির তরফে বিভিন্ন রাজ্যে সাংগঠনিক রদবদলের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক (সংগঠন) পদে অমিতাভ চক্রবর্তীকে বহাল রাখা হয়েছে। ফলে রাজ্য বিজেপির সাংগঠনিক দায়িত্বে আরও কয়েক বছর তাঁর উপরই ভরসা রাখল দল।২০১৫ সালে দিলীপ ঘোষ রাজ্য বিজেপির সভাপতি থাকাকালীন অমিতাভ চক্রবর্তী সাধারণ সম্পাদক (সংগঠন) হিসেবে দায়িত্ব নেন।
এরপর ২০২১ সালে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হওয়ার পরও তিনি ওই দায়িত্বে বহাল ছিলেন। দীর্ঘ সময় ধরে রাজ্যের সংগঠন বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অমিতাভ। তাঁর দায়িত্বকালেই রাজ্যে বিজেপির সাংগঠনিক শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এবং ২০২৬ সালে দল রাজ্যের ক্ষমতায় আসে।এবার রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর নেতৃত্বেও সংগঠনের কাজে অমিতাভ চক্রবর্তীর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে দল।
বৃহস্পতিবারের ঘোষণায় সেই ধারাবাহিকতাই বজায় থাকল।অন্যদিকে, রাজ্য বিজেপির সহ-সাধারণ সম্পাদক (সংগঠন) পদে থাকা সতীশ ধন্দকে দায়িত্ব থেকে সরানো হয়েছে বলে জানা গিয়েছে। বিজেপির কেন্দ্রীয় সংগঠনের তরফে বিভিন্ন রাজ্যের সাংগঠনিক কাজ দেখভালের জন্য একজন করে দায়িত্বপ্রাপ্ত নেতা থাকেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এতদিন সেই দায়িত্বে ছিলেন শিবপ্রকাশ। এবার তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন সৌদান সিং।সাংগঠনিক রদবদলের এই ঘোষণায় অমিতাভ চক্রবর্তীর উপর দলের আস্থাই স্পষ্ট হয়েছে। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সংগঠন পরিচালনার ধারাবাহিকতার ভিত্তিতে তাঁকেই একই পদে রেখে দিল বিজেপি।














