Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বলিউডের সবচেয়ে ধনী টি-সিরিজের কর্ণধার

বলিউডের সবচেয়ে ধনী টি-সিরিজের কর্ণধার

শাহরুখ খান কিংবা অমিতাভ বচ্চন নন, এই মুহূর্তে বলিউডের সবচেয়ে ধনী ব্যক্তিত্ব হিসেবে শীর্ষস্থান দখল করলেন টি-সিরিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ভূষণ কুমার ও তাঁর পরিবার। হুরুন রিচ লিস্টে প্রায় ৩৬,৩০০ কোটি টাকার মোট সম্পদ নিয়ে বিনোদন জগতের শীর্ষে উঠে এসেছেন তিনি। সামগ্রিক তালিকায় তিনি ৮৭তম স্থানে জায়গা করে নিয়েছেন এবং ভারতীয় বিনোদন শিল্প থেকে সেরা ১০০-র মধ্যে থাকা একমাত্র প্রতিনিধি তিনিই। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, তালিকায় থাকা বাকি শীর্ষ বলিউড তারকাদের সম্মিলিত মোট সম্পত্তির পরিমাণের চেয়েও ভূষণ কুমারের ব্যক্তিগত সম্পদের বহর অনেক বেশি। হুরুনের হিসাব অনুযায়ী, গত এক বছরে শাহরুখ খানের সম্পদের পরিমাণ প্রায় ২,৪৯০ কোটি টাকা হ্রাস পেয়ে বর্তমানে দাঁড়িয়েছে ১০,০০০ কোটি টাকায়।

 

অন্যদিকে প্রবীণ তারকা অমিতাভ বচ্চনের সম্পদে বড়সড় লাফ দেখা গিয়েছে; রিয়েল এস্টেট ও অন্যান্য ক্ষেত্রে দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুবাদে গত বছরের ১,৬৩০ কোটি টাকা থেকে এক লাফে তাঁর মোট সম্পদ পৌঁছেছে ৪,০০০ কোটি টাকায়। এ বছর তালিকায় নতুন মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন সলমন খান, যাঁর সম্পদের পরিমাণ আনুমানিক ৩,০০০ কোটি টাকা। এ ছাড়া নিজস্ব ব্র্যান্ড ‘এইচআরএক্স’-এর অভাবনীয় ব্যবসায়িক সাফল্যে হৃতিক রোশনের সম্পদ ৩৪০ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ২,৫০০ কোটি টাকায়। তবে গত বছরের তালিকায় থাকা জুহি চাওলা ও করণ জোহর এ বারের র‍‍্যাঙ্কিংয়ে স্থান পাননি। অন্যদিকে ‘রামায়ণ’ ছবির প্রযোজক নমিত মলহোত্রার বাবা নরেশ মলহোত্রা প্রায় ১৬,০০০ কোটি টাকার সম্পদ নিয়ে বিনোদন সংক্রান্ত বিশিষ্টদের তালিকায় উল্লেখযোগ্য স্থান ধরে রেখেছেন।

 

১৯৯৭ সালে বাবা গুলশন কুমারের প্রয়াণের পর মাত্র ১৯ বছর বয়সে টি-সিরিজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ভূষণ কুমার। ক্যাসেট তৈরির ব্যবসা থেকে শুরু করে প্রতিষ্ঠানটিকে আজকের আন্তর্জাতিক মাপের মিউজিক লেবেল, ডিজিটাল ডিস্ট্রিবিউশন জায়ান্ট এবং শীর্ষস্থানীয় চলচ্চিত্র প্রযোজনা সংস্থায় রূপান্তরিত করার কারিগর তিনিই। ‘অ্যানিম্যাল’ কিংবা ‘ভুল ভুলাইয়া’-র মতো বক্স অফিস কাঁপানো সিনেমা যেমন টি-সিরিজের ঝুলিতে রয়েছে, তেমনই বিশ্বের অন্যতম সর্বাধিক সাবস্ক্রাইব হওয়া ইউটিউব চ্যানেল পরিচালনা করে বিনোদনের বাণিজ্যিক সাম্রাজ্যে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে ভূষণ কুমারের সংস্থা।

READ MORE.....