Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

কুলগাম হামলার বদলা, সেনার অভিযানে খতম লস্কর কমান্ডার-সহ দুই জঙ্গি

কুলগাম হামলার বদলা, সেনার অভিযানে খতম লস্কর কমান্ডার-সহ দুই জঙ্গি

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর বড়সড় সাফল্য। কুলগামে সিআরপিএফ ক্যাম্পে হামলার পাঁচ দিনের মধ্যেই অভিযানে নেমে দুই লস্কর-ই-তইবা জঙ্গিকে খতম করল যৌথ বাহিনী। নিহতদের মধ্যে রয়েছে ১১ নভেম্বরের হামলার মূল চক্রী বলে পরিচিত লতিফ ভাট। রবিবার কুলগাম জেলার মীর বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। নিরাপত্তাবাহিনীর দাবি, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি শুরু হয়েছিল।

 

অভিযানের সময় জঙ্গিরা গুলি চালালে পালটা জবাব দেয় বাহিনী। দুপক্ষের মধ্যে দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ের পর দুই জঙ্গির মৃত্যু হয়। উল্লেখ্য, গত ১১ নভেম্বর কুলগাম জেলার একটি চেকপয়েন্টে সিআরপিএফ কর্মীদের লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের উপর মোটরবাইকে এসে এলোপাথাড়ি গুলি চালানো হয়। দুপুর ২টো ১২ মিনিট নাগাদ এই হামলার ঘটনা ঘটে। অতর্কিত হামলায় তিন সিআরপিএফ জওয়ান আহত হন। হামলা চালিয়েই মোটরবাইকে চেপে এলাকা থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

 

আহত জওয়ানদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরই গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। জঙ্গিদের খোঁজে শুরু হয় চিরুনি তল্লাশি। বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি সম্ভাব্য পালানোর পথগুলিও নজরে রাখা হয়। তদন্তে উঠে আসে, এই হামলার পিছনে লস্কর-ই-তইবার জঙ্গি লতিফ ভাটের ভূমিকা রয়েছে। তাকে ধরতে নিরাপত্তাবাহিনী বিশেষ তল্লাশি অভিযান শুরু করে।

 

রবিবার গোপন সূত্রে খবর আসে, কুলগাম জেলার মীর বাজারের কাছে একটি এলাকায় আত্মগোপন করে রয়েছে দুই জঙ্গি। খবর পেয়েই সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে যৌথ বাহিনী। শুরু হয় তল্লাশি। নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে বলে জানা গিয়েছে। পালটা গুলি চালায় বাহিনীও। এরপর দুপক্ষের মধ্যে শুরু হয় তীব্র গুলির লড়াই। নিরাপত্তাবাহিনীর দাবি, পালানোর পথ বন্ধ হয়ে যাওয়ায় জঙ্গিরা মরিয়া হয়ে গুলি চালাতে থাকে।

 

তবে যৌথ বাহিনীর পালটা অভিযানে শেষ পর্যন্ত দুই জঙ্গির মৃত্যু হয়। নিহতদের মধ্যে লতিফ ভাট রয়েছে বলে জানানো হয়েছে। অন্য জঙ্গির পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। ১১ নভেম্বরের হামলার পর থেকেই কুলগাম-সহ দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন এলাকায় সতর্কতা জারি ছিল। নিরাপত্তাবাহিনীর এই অভিযানে ওই হামলার সঙ্গে যুক্ত জঙ্গিদের নেটওয়ার্ক সম্পর্কে আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তা নিশ্চিত করতে তল্লাশি ও নজরদারি অব্যাহত রয়েছে। সিআরপিএফ ক্যাম্পে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের এই অভিযানকে নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবেই দেখছে সংশ্লিষ্ট মহল।

READ MORE.....