জামুড়িয়ার পর এবার রানিগঞ্জেও নদী ও জোড়ের জমি দখল এবং দূষণের অভিযোগ। রানিগঞ্জ থানার আমরাশোতা এলাকায় জাতীয় সড়ক-১৪ সংলগ্ন সিঙ্গারন নদীর একটি সহায়ক জোড়ে কারখানার দূষিত ছাই ফেলা ও জলপ্রবাহের গতিপথ পরিবর্তনের অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার বিক্ষোভে সামিল হন নদী বাঁচাও কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দারা। আন্দোলনকারীদের অভিযোগ, গত কয়েক দিন ধরে জোড়ের ধারে দূষিত ছাই ফেলা হচ্ছে। বর্ষায় বৃষ্টির জলে সেই ছাই সিঙ্গারন নদীতে মিশে ভয়াবহ জলদূষণ ঘটাতে পারে। পাশাপাশি জোড়ের স্বাভাবিক জলপ্রবাহ বাধাপ্রাপ্ত হলে জলনিকাশি ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।
ক্ষতিগ্রস্ত হতে পারে জাতীয় সড়ক, আশপাশের জনবসতি এবং ইসিএলের চালু ও বন্ধ খনি। এ বিষয়ে পুলিশ ও ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েও কাজ বন্ধ হয়নি বলে দাবি আন্দোলনকারীদের। শুক্রবার বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে বিতর্ক বাধে। পরে বিক্ষোভের চাপে জমির মালিক নিজের ভুল স্বীকার করে ফেলা ছাই সরানোর কাজ শুরু করেছেন বলে জানা গিয়েছে। নদী ও জোড়ের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং দূষণ রোধে প্রশাসন এবার কী পদক্ষেপ করে, সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।














