রাতের ব্যস্ত স্টেশন। কিছুক্ষণ আগেই যাত্রীরা নেমে গিয়েছেন ট্রেন থেকে। আর তার পর মুহূর্তেই হঠাৎ ভেন্ডার কামরা থেকে বেরোতে শুরু করল ধোঁয়া। চোখের পলকে সেই ধোঁয়া পরিণত হল দাউদাউ আগুনে। ভয়াবহ অগ্নিকাণ্ডে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ল কাটোয়া স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় অল্পের জন্য বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। আগুনে বর্ধমান-কাটোয়া লোকাল ট্রেনের ভেন্ডার কামরার একাংশ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
তবে আগুন লাগার সময় ট্রেনের সমস্ত যাত্রী নেমে যাওয়ায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। রেল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ বর্ধমান স্টেশন থেকে ডাউন বর্ধমান-কাটোয়া লোকালটি কাটোয়ার উদ্দেশে রওনা দেয়। রাত পৌনে ১০টা নাগাদ ট্রেনটি কাটোয়া স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। ট্রেন থামার পর একে একে সমস্ত যাত্রী নেমে যান। এরপরই আচমকা নজরে আসে, ট্রেনের ভেন্ডার কামরা ধোঁয়ায় ঢেকে গিয়েছে। মুহূর্তের মধ্যেই সেই কামরার ভিতর থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। চোখের সামনে ট্রেনের কামরায় আগুন জ্বলতে দেখে স্টেশনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেল সুরক্ষা বাহিনী এবং রেল পুলিশ। দেখা যায়, ভেন্ডার কামরার ভিতরে থাকা কাঠের চেয়ারে আগুন দাউদাউ করে জ্বলছে। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন রেলকর্মীরা। বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে অবশ্য আগুনের গ্রাসে ভেন্ডার কামরার একাংশ পুড়ে গিয়েছে। অগ্নিকাণ্ডের জেরে স্টেশন চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পর রেল দফতরের পদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছান। শুরু হয় আগুন লাগার কারণ খতিয়ে দেখার প্রক্রিয়া। ঠিক কী কারণে আগুনের সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়।
প্রাথমিকভাবে শর্ট সার্কিট অথবা কোনও যাত্রীর ফেলে দেওয়া ধূমপানের অবশিষ্টাংশ থেকে আগুন ছড়িয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলতে নারাজ রেল কর্তৃপক্ষ। উল্লেখযোগ্যভাবে, মাত্র ন’মাস আগেও কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের কামরায় একইভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ফের একই ধরনের ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনগুলির নিরাপত্তা ও নজরদারি নিয়ে। বারবার ট্রেনের কামরায় আগুন লাগার ঘটনায় রেলের সতর্কতা এবং নিরাপত্তা ব্যবস্থার দিকেও উঠছে প্রশ্ন। এ বিষয়ে কাটোয়া স্টেশনের ম্যানেজার সুপ্রভাত ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি জানান, তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।














