চিন, তুরস্ক, আমেরিকা ও সৌদি আরবের সম্মিলিত মদতে পাকিস্তানের সামরিক শক্তি বৃদ্ধির পাল্টা হিসেবে পশ্চিম সীমান্তের আকাশ প্রতিরক্ষা আরও নিশ্ছিদ্র করতে চলেছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রকের দুই শীর্ষ আধিকারিক সূত্রে খবর, জম্মু ও কাশ্মীরের ৭৪০ কিলোমিটার দীর্ঘ নিয়ন্ত্রণরেখা (এলওসি) সুরক্ষিত রাখতে আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যেই পঞ্চম এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হবে। বর্তমানে ভারতের হাতে থাকা চারটি এস-৪০০ ব্যবস্থার মধ্যে তিনটি পঞ্জাব, রাজস্থান ও গুজরাটে মোতায়েন রয়েছে এবং চতুর্থটি অরুণাচল প্রদেশের ১,১২৬ কিলোমিটার দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) পাহারা দিতে অসমে রাখা হয়েছে। সরকারি সূত্রের খবর, আগামী মাসেই ভারতীয় বায়ুসেনার একটি বিশেষজ্ঞ দল চূড়ান্ত পরিদর্শনের জন্য রাশিয়ায় যাবে এবং ফেব্রুয়ারির মধ্যে পঞ্চম ইউনিটটি সীমান্তে মোতায়েনের জন্য প্রস্তুত হয়ে যাবে।
এছাড়া আগামী বছরে রাশিয়া থেকে আরও পাঁচটি এস-৪০০ কেনার পরিকল্পনাও রয়েছে নয়াদিল্লির। ৪০ থেকে ৪০০ কিলোমিটার পাল্লার মধ্যে যেকোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, চালকহীন ড্রোন এবং কামিকাজে ড্রোন মাঝআকাশেই ধ্বংস করতে সক্ষম এই রুশ প্রতিরক্ষা ব্যবস্থা। অপারেশন সিঁদুর-এর সময় নিজের কার্যকারিতা প্রমাণ করেছিল এস-৪০০। সেই অভিযানে পাকিস্তানের ছোড়া কোনও ক্ষেপণাস্ত্র বা রকেটকে ভারতের মাটিতে আছড়ে পড়তে দেয়নি এই ব্যবস্থা; উল্টে সিন্ধু নদের পশ্চিম প্রান্ত পর্যন্ত পাকিস্তানের যুদ্ধবিমান, নজরদারি বিমান এবং ইলেকট্রনিক গোয়েন্দা প্ল্যাটফর্ম গুঁড়িয়ে দিয়েছিল।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ২০২৭ সালে রাওয়ালপিন্ডিকে পঞ্চম প্রজন্মের জে-৩৫ যুদ্ধবিমান সরবরাহ করতে চলেছে বেজিং। পাশাপাশি অপারেশন সিঁদুর-এ সুইডিশ নজরদারি বিমানের সহায়তায় চিনা জে-১০ যুদ্ধবিমান থেকে ২০০ কিলোমিটার পাল্লার পিএল-১৫ ই ক্ষেপণাস্ত্র ছুড়েছিল পাক বায়ুসেনা। এই চিনা ক্ষেপণাস্ত্র এবং এইচকিউ-৯ বিই প্রতিরক্ষা ব্যবস্থার মোকাবিলায় ভারত এখন দূরপাল্লার স্ট্যান্ড-অফ অস্ত্র ও লয়টারিং মিউনিশন তৈরি ও সংগ্রহে জোর দিচ্ছে। এক শীর্ষ সেনাকর্তার কথায়, ভবিষ্যতের যুদ্ধ হবে সরাসরি সংঘাত ছাড়াই দূরপাল্লার অস্ত্রের লড়াই। যার হাতে যত বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র এবং নিখুঁত ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী ব্যবস্থা থাকবে, লড়াইয়ে সেই এগিয়ে থাকবে। গোয়েন্দা ও প্রতিরক্ষা সূত্র জানাচ্ছে, আন্তর্জাতিক অর্থভাণ্ডারের ঋণের ওপর নির্ভরশীল এবং বিদেশি মুদ্রার তীব্র সংকটে ভোগা সত্ত্বেও পাকিস্তান সমরাস্ত্র সংগ্রহে খামতি রাখছে না।
ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে মক্কা জোটকে সমর্থনের প্রতিদান হিসেবে রিয়াধের কাছ থেকে বিপুল অর্থ পাচ্ছে ইসলামাবাদ। অন্যদিকে, আমেরিকা তাদের এফ-১৬ যুদ্ধবিমানের আধুনিকীকরণে সাহায্য করছে। চিনের কাছ থেকে ৫০০ কোটি ডলারের বেশি মূল্যে আটটি ইউয়ান (হাঙ্গর) শ্রেণির ডুবোজাহাজ কিনছে পাক নৌবাহিনী, যার একটি ইতিমধ্যেই ২০২৬ সালের জুনে মোতায়েন হয়েছে। পাশাপাশি তুরস্ক পাকিস্তানের অগস্তা ৯০ বি ডুবোজাহাজের আধুনিকীকরণ ও দূরপাল্লার কামিকাজে ড্রোন দিচ্ছে এবং চিন সরবরাহ করেছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম সশস্ত্র উইং লুং ২ ড্রোন। এই বহুমুখী বিপদ ও সীমান্তপারের সন্ত্রাসবাদ রুখতে আকাশ প্রতিরক্ষার পাশাপাশি প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পরিকাঠামো উন্নয়নেও গতি বাড়াচ্ছে ভারত।














