সূত্র মারফত জানা গিয়েছে, পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুমোদন করবে না ভারত। তবে আসন্ন এশিয়া কাপে ভারতের ক্রিকেট দলকে ছাড়পত্র দেওয়া হবে পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য। উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর থেকেই দেশবাসীর দাবি ছিল পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামা উচিত নয় ভারতের। কিন্তু বহুদেশীয় টুর্নামেন্টগুলিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলা বন্ধ করছে না ক্রীড়ামন্ত্রক।
আগামী ১৪ সেপ্টেম্বর ক্রিকেটের এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান। সেই ম্যাচ বয়কট করুক মেন ইন ব্লু, এমন দাবিতে সুর চড়িয়েছেন আমজনতা থেকে সেলেব্রিটি সকলেই। কিন্তু বৃহস্পতিবার ক্রীড়ামন্ত্রক সূত্রে বলা হয়েছে, পাকিস্তানের প্রতি ভারত সার্বিকভাবে যে মনোভাব পোষণ করে, খেলার ক্ষেত্রেও সেটাই করা হবে। পাকিস্তানের বিরুদ্ধে বা পাকিস্তানে গিয়ে ভারতের কোনও দল দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না। পাক ক্রীড়াবিদদেরও দ্বিপাক্ষিক সিরিজের জন্য ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।














