কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র আইপ্যাক অফিসে হানার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে উত্তাল হলো উলুবেড়িয়া। এই পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে উলুবেড়িয়া দক্ষিণ ও পূর্ব বিধানসভা কেন্দ্রে দুটি পৃথক বিশাল মিছিলের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। দুই মিছিলেই সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়।
এদিন মন্ত্রী পুলক রায়ের পাশাপাশি মিছিলে পা মেলান হাওড়া জেলা পরিষদের সহ-সভাধিপতি অজয় ভট্টাচার্য। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস ও ভাইস চেয়ারম্যান ইনামুর রহমানসহ দলের শীর্ষ নেতৃত্ব। মূলত কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তার বিরুদ্ধেই সরব হয় শাসকদল। শহরের রাজপথ পরিক্রমা করে এই প্রতিবাদী মিছিল দুটি। মিছিলে অংশ নেওয়া তৃণমূল কর্মীদের গলায় ছিল কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা ও প্রতিহিংসার রাজনীতির অভিযোগ।














