ঘাটালবাসীর দীর্ঘদিনের জলযন্ত্রণা সমাধানের আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী জানান, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এ বছর ১,২০০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। প্রকল্পের মোট ব্যয়ের ৫০ শতাংশ টাকা দেবে কেন্দ্র এবং বাকি ৫০ শতাংশ টাকা বহন করবে রাজ্য সরকার। আগামী বছরের জুন মাসের মধ্যে বেশিরভাগ কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বীরসিংহে আসার পথে আকাশপথে ঘাটালের বন্যা পরিস্থিতিও পরিদর্শন করেন বলে জানান মুখ্যমন্ত্রী।
সাম্প্রতিক ভারী বৃষ্টিতে ঘাটাল ও চন্দ্রকোনার বহু এলাকা জলমগ্ন হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা, বাড়ি ও কৃষিজমি। বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের সঙ্গে পরিকল্পনা করা হয়েছে বলেও জানান তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১২০০ কোটি টাকা মঞ্জুরের করা হবে। পুজোর পরেই প্রকল্পের কাজ শুরু হবে। দ্রুত কাজ শেষ করে ঘাটালের বন্যা সমস্যা থেকে মানুষকে রক্ষা করাই সরকারের লক্ষ্য। বন্যাপ্লাবিত এলাকার মানুষের জন্য ইতিমধ্যেই রিলিফ মেটেরিয়াল দেওয়া হচ্ছে।’ গঙ্গাপাড়ের কাঁচাবাড়ির তালিকা তৈরি করার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। প্রতিটি কাঁচা বাড়ির মালিকদের ১ লক্ষ ৮০ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার। দ্রুত টাকা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।














