যেই পার্টি করো সেই পার্টির মা এবং মাটিকে আগে চিনতে শেখো। বই পড়ো, তারপর পথে নামো, মেদিনীপুর সম্বন্ধে আগে ভালো করে জানো, তারপর মেদিনীপুরের রাস্তায় নেমে আন্দোলন করতে শেখো তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা! মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বুধবার মেদিনীপুর শহরে জেলা পরিষদের প্রদ্যুৎ স্মৃতি সদনে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে এসে এভাবেই যুবকদেরকে নির্দেশ দিলেন রাজ্যের সেচ মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভুঁইয়া। সেই সঙ্গে তিনি মেদিনীপুর শহরের অদূরে অবস্থিত রানী শিরোমনিগড় কি জন্য বিখ্যাত তাও তৃণমূল যুব কংগ্রেস কর্মীদের কাছে উত্থাপন করেন।
পাশাপাশি পাঠ্যপুস্তকে এই ইতিহাস জায়গা পাওয়া উচিত বলেও তিনি মনে করেন। রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভূঁইয়া বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে পুরো বিষয়টি আমি জানিয়েছি সিলেবাসের অন্তর্ভুক্ত করার জন্য। আগামী দিনে ইনডোর নয় আউটডোরে মিটিং করতে হবে তৃণমূল যুব কংগ্রেস কর্মীদের। মানুষের কাছে বক্তব্যের মধ্যে তুলে ধরতে হবে বিগত দিনে বাম সরকার কি ধরনের অত্যাচার করেছে এইসব এলাকায়। বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার এর পক্ষ থেকে রাজ্য সরকারকে যে সমস্ত অর্থ বরাদ্দ করার কথা সেই অর্থ বরাদ্দ করছে না সে বিষয়েও উল্লেখ করেন তিনি।
এদিনের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে কার্যত তৃণমূল যুব কংগ্রেস কর্মীদের ক্লাস নিলেন মন্ত্রী তথা সবং এর বিধায়ক ডাক্তার মানস রঞ্জন ভুইয়া। অন্যদিকে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তী জানান, মন্ত্রী তথা মেদিনীপুরের অভিভাবক ডাক্তার মানস রঞ্জন ভুইয়া র বক্তব্যকে পাথেয় করে আগামী দিনে মেদিনীপুরের ইতিহাস জেনে, তৃণমূলের যুবকর্মীরা পথে নেমে আন্দোলন করবে। পাশাপাশি তিনি বলেন এদিনের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে গুণীজনদের শ্রদ্ধা জ্ঞাপন করতে পেরে নিজেদেরকে গর্বিত অনুভব করছি। দলের নির্দেশ মেনে ২০২৬-এ বিধানসভা নির্বাচনে যুব তৃণমূল কংগ্রেস কর্মীর প্রত্যেকটি মানুষের কাছে গিয়ে দলের উন্নয়নের কথা বলবে।
এদিনের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে রাজ্যের সেচ মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়ার পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি ও সহ সভাধিপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি, গড়বেতার বিধায়ক উত্তরা সিংহ হাজরা, তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপাত্র রিজু দত্ত ,প্রাক্তন বিধায়ক প্রদ্যোৎ ঘোষ, আশীষ চক্রবর্তী, গীতা ভূঁইয়া সহ আরো অনেকে।














