Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ব্লু লাইনে বাড়ছে ট্রেনের সংখ্যা, বদলাচ্ছে সময়সূচি

ব্লু লাইনে বাড়ছে ট্রেনের সংখ্যা, বদলাচ্ছে সময়সূচি

বছরের শুরুতেই কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য বড়সড় উপহার নিয়ে এল কর্তৃপক্ষ। ব্লু লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ট্রেনের সংখ্যা একধাক্কায় অনেকটা বাড়ানো হচ্ছে। আগামী ৮ জানুয়ারি, বৃহস্পতিবার থেকেই কার্যকর হচ্ছে এই নতুন নিয়ম। উত্তর-দক্ষিণ করিডোরে যাত্রীদের ভিড় সামাল দিতে এবং পরিষেবা আরও মসৃণ করতে সোম থেকে শুক্রবার পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে প্রতিদিন অতিরিক্ত ১০টি রেক চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দৈনিক ট্রেনের সংখ্যা ২৭২ থেকে বেড়ে দাঁড়াচ্ছে ২৮২। ট্রেনের সংখ্যা বাড়ার পাশাপাশি রাতের শেষ মেট্রোর সময়সূচিতেও সামান্য রদবদল আনা হয়েছে। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে মেট্রো কর্তৃপক্ষ কলকাতা বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সরাসরি যাতায়াতের সুযোগও বাড়িয়ে দিচ্ছে।

 

আগে এই রুটে হাতেগোনা ট্রেন চললেও বৃহস্পতিবার থেকে রকের সংখ্যা আরও তিনটি বাড়ানো হচ্ছে। বর্তমানে বিমানবন্দর থেকে যে ট্রেনটি সকাল ৯টা ৩৬ মিনিটে ছাড়ে সেটি তো চলবেই, তার পাশাপাশি নতুন সূচি অনুযায়ী প্রথম ট্রেন মিলবে সকাল ৮টা ১৮ মিনিটে। এরপরের ট্রেনটি ছাড়বে সকাল ৯টা ১২ মিনিটে। অফিস যাত্রীদের সুবিধার্থে বিকেলেও থাকছে বিশেষ পরিষেবা। বিকেল ৫টা ৪৬ মিনিটে বিমানবন্দর থেকে মিলবে একটি সরাসরি ট্রেন। এই রুটে দিনের শেষ মেট্রোটি ছাড়বে রাত ৯টায়। মূলত নোয়াপাড়া স্টেশনে ট্রেন বদলানোর ঝক্কি এড়াতেই এই সরাসরি পরিষেবার পরিধি বাড়ানো হয়েছে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রোর সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে। এতদিন এই রুটে শেষ ট্রেন মিলত রাত ৯টা ৩৪ মিনিটে।

 

নতুন সূচি অনুযায়ী এখন থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ৩১ মিনিটে। মেট্রো রেলের এই সিদ্ধান্তের ফলে দক্ষিণ কলকাতার একটি বড় অংশের মানুষ সরাসরি বিমানবন্দরের সংযোগকারী পরিষেবার সুবিধা নিতে পারবেন। বর্তমানে অরেঞ্জ লাইনের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় বিমানবন্দর থেকে কবি সুভাষ পর্যন্ত সরাসরি যাতায়াতে কিছুটা বাধা রয়েছে। চিংড়িঘাটা মোড়ে পিলারের কাজ আটকে থাকায় পুরো লাইনে ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। আপাতত কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো চলাচল করলেও বিমানবন্দরগামী যাত্রীদের সুবিধার কথা ভেবেই ব্লু লাইনে এই রদবদল করা হয়েছে।

READ MORE.....