ভাইফোঁটার সকালে বড়সড় রেল দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তর-পূর্ব সীমান্ত রেল। বুধবার সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ অসমের গুয়াহাটির উপকণ্ঠে ডিগারু রেল স্টেশনে লাইনচ্যুত হল ১৩১২৫ কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৫টি যাত্রীবাহী বগি। মিজোরামের সাইরাং থেকে কলকাতার দিকে আসার পথে ট্রেনটি এই দুর্ঘটনার কবলে পড়ে।
ঘটনায় ট্রেনের বেশ কয়েকজন যাত্রী চোট পেয়েছেন। তবে রেলের দাবি, গতি কম থাকায় বড় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ঠিক কী ঘটেছিল? রেল সূত্রে জানা গেছে, বুধবার সকালে ডিগারু স্টেশনে অন্য একটি ট্রেনকে আগে যাওয়ার জায়গা (প্রেসিডেন্স) দেওয়ার জন্য কলকাতা-সাইরাং এক্সপ্রেসটির লাইন পরিবর্তন করা হচ্ছিল। সেই সময় পয়েন্ট পরিবর্তনের মুখে ট্রেনের চালক গতি নিয়ন্ত্রণ করতে না পারায় ইঞ্জিন ও সামনের বগিগুলি লাইন থেকে ছিটকে যায়। তবে চালকের কেবিনের একটি ভিডিও প্রকাশ্যে আসার পর ব্রেক ফেলের তত্ত্বও উঠে আসছে, যা নিয়ে তদন্ত শুরু করেছে রেল। এদিন ভোরের আলো ফুটতেই হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় ট্রেনের ভেতরে হুড়োহুড়ি ও চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ট্রেনের এক যাত্রী সেই শিউরে ওঠা অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, আমরা ট্রেনের সিটে বসে গল্প করছিলাম। এক প্যান্ট্রি কর্মী সবে চা বিক্রি করতে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ পুরো ট্রেনটা লাইনের ওপর ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করে। আমরা সামলাতে না পেরে ট্রেনের কামরার ভেতরের দেওয়াল আর রডে গিয়ে আছাড় খাই। তারপরেই একটা বিকট কানফাটানো আওয়াজ হলো আর ট্রেনের ইঞ্জিনটা লাইন থেকে নিচে নেমে গেল। আইআরসিটিসি কর্মীরা জানান, গুয়াহাটি স্টেশন ছাড়ার পর সব ঠিকঠাকই ছিল। কিন্তু আচমকা ট্রেনের নিচে একটা অদ্ভুত ঘড় ঘড় শব্দ হতে শুরু করে এবং চোখের পলকে ট্রেনটি বেলাইন হয়ে যায়।
এক যাত্রী বলেন, ঘুম ভাঙার পরেই এই পরিস্থিতি। বগিগুলো একপাশে কাত হয়ে যাওয়ায় ভেবেছিলাম আজ আর রক্ষা নেই। ঈশ্বরকে ধন্যবাদ যে বড় কোনো ক্ষতি হয়নি। স্থানীয় হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, যার মধ্যে একজনের হাত ভেঙেছে ও অন্য একজনের বুকে চোট লেগেছে। দুর্ঘটনার খবর পেয়েই রেলের উদ্ধারকারী দল ও শীর্ষ আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। ট্রেনের যাত্রীদের আতঙ্ক কাটাতে তাঁদের জল ও খাবারের ব্যবস্থা করা হয়। উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রেনের সুস্থ যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে যেতে সকাল ১১টা ৪০ মিনিটে গুয়াহাটি থেকে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়, যা তাঁদের গন্তব্যে পৌঁছে দেবে। এই দুর্ঘটনার জেরে ওই রুটের বেশ কিছু লোকাল ট্রেন বাতিল ও দূরপাল্লার ট্রেনের গতিপথ সংক্ষিপ্ত করা হয়েছে।














