প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে নিশ্চয়ই ওনার নিরাপত্তা প্রাপ্য। কিন্তু সবকিছুরই একটা সীমা আছে। ওনার তাহলে এ ফাঁকায় রাজারহাট-নিউটাউনে ফার্মহাউজ বানিয়ে থাকতে পারতেন। ওদের তো টাকার অভাব নেই। এভাবেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, নিশ্চয়ই তাঁর নিরাপত্তার বিষয়টা গুরুত্বপূর্ণ। কিন্তু প্রত্যেকটা জিনিসেরই একটা নিয়ন্ত্রণ থাকে। আর উনি যদি চাইতেন অন্য মাত্রায় সুরক্ষিত থাকবেন, তাহলে ওঁর উচিৎ হয়নি ঘনবসতিপূর্ন জায়গায় থাকার। ফাঁকায় বড় বাংলোতে চলে যেতে পারতেন। ওদের তো টাকার অভাব নেই। প্রচুর টাকা। রাজারহাট, নিউটাইনের দিকে বড় জমি নিয়ে ফার্মহাউজ বানিয়ে থাকতে পারতেন।’ মঙ্গলবার সন্ধ্যায় তিলোত্তমা সাক্ষী থাকল এক অনন্য দৃশ্যের! প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ‘কালীঘাট শিবশক্তি সংঘ’র কালীপুজোয় যান তিনি।
সেখানে মায়ের আরতিও করেন। এছাড়াও কালীঘাটের একাধিক পুজো দর্শন করেন শুভেন্দু। খোদ মমতার পাড়াতেই শুভেন্দু অধিকারীকে দেখতে রাস্তার দু ধারে মানুষের ঢল নেমেছিল। সাধারণ মানুষের ভিড়ে মিশে যান মুখ্যমন্ত্রী, তাঁদের সঙ্গে কথা বলেন, হাতও মেলান। গোটা হরিশ চ্যাটার্জি স্ট্রিট জুড়ে শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে ধরা পড়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসের ছবি। এমনকি, স্থানীয়দের ভিড় ঠেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাায়ের বাড়ির সামনে দিয়ে হেঁটে যান শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর কাছে অনেক মানুষেরই আর্জি ছিল, ‘ভিআইপি কালচার থেকে পরিত্রাণ চাই’!
মমতার পাড়া থেকে ফিরে সল্টলেকে সংবাদিকদের মুখোমুখি হয়ে সেই প্রসঙ্গেই কথা বললেন শুভেন্দু! জানালেন, ‘ওখানকার বাসিন্দাদের একটা সময় বন্দি-জীবন কাটাতে হয়েছে। গোটা এলাকার মানুষকে একটা কার্ড দেওয়া হয়েছিল। তাঁদের পক্ষে স্বাভাবিক জীবনযাপন করা অসম্ভব ছিল। গার্ড রেল দিয়ে রাস্তা আটকানো, চলত চেকিং, তল্লাশি! বহু রকমের প্রতিবন্ধকতার সামনে পড়তেন। ওখানে বাড়িতে বাড়িতে প্রচুর বেকার মানুষ। মৃৎশিল্পীরা ব্যবসা করতে পারতেন না। তাঁদের ক্ষতি হত। মানুষ এগুলো থেকে মুক্তি পেয়েছে।’ মমতা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে বন্ধ ছিল কালীঘাটের রাস্তা। অনুগামীদের ভিড়ের ঠেলায় কালীপুজোর আগে ঠাকুর নিয়ে যেতে সমস্যায় পড়েন সেখানকার মৃৎশিল্পীরা। এর জেরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন তাঁরা।
তাই নিজের বেতন থেকে ৭ হাজার টাকা করে ৮০ জন মৃৎশিল্পীর হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ভবানীপুরের সভা থেকে তিনি বলেন, ‘তোলাবাজ ভাইপো ও তাঁর বিখ্যাত পিসির জন্য ক্ষতিগ্রস্ত মৃৎশিল্পীরা। তাঁদের আনুমানিক ৪০-৫০ হাজার টাকা করে ক্ষতি হয়ে গিয়েছে। তাই নিজের বেতন থেকে যতটা সম্ভব সাহায্য করলাম।’ মুখ্যমন্ত্রীর কথায়, ‘ভাইপোর মতো আমার ওত টাকা নেই। কিন্তু আমি যতটুকু সম্ভব সাহায্য করেছি। মুখ্যমন্ত্রী হিসেবে যে বেতন পাই সেখান থেকে ৭ হাজার টাকা করে ৮০ জন মৃৎশিল্পীকে সহযোগিতা করলাম। আর কোনও মৃৎশিল্পীকে যেন ভিআইপি কালচারের জন্য আটকানো না হয়।’














