Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

রাশিয়াকে ফেরানোর নির্দেশে বয়কটের ঝড়

রাশিয়াকে ফেরানোর নির্দেশে বয়কটের ঝড়

আগামী মে মাসে জার্মানিতে পুরুষদের আইস হকি বিশ্বকাপ। তার আগেই আন্তর্জাতিক মঞ্চে রাশিয়াকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট। আর এই নির্দেশের পরেই আন্তর্জাতিক ক্রীড়ামহলে প্রবল বিতর্কের ঝড় উঠেছে। ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ার এই প্রত্যাবর্তনের তীব্র প্রতিবাদ জানিয়ে তাদের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ডাক দিয়েছে ফিনল্যান্ড। ফিনল্যান্ডের এই কড়া পদক্ষেপে ইতিমধ্যেই শামিল হয়েছে সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, চেক প্রজাতন্ত্র, অস্ট্রিয়া, লাতভিয়া এবং কানাডাও। স্নায়ুযুদ্ধের পর থেকে রাশিয়া এবং নর্ডিক দেশগুলির (বিশেষত ফিনল্যান্ড ও নরওয়ে) মধ্যে পারস্পরিক সম্পর্কের বরফ গলাতে এই আইস হকিই ছিল অন্যতম হাতিয়ার।

 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম প্রিয় খেলাটিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক স্তরে বরাবর নিজেদের আধিপত্য কায়েম করেছে মস্কো। এমনকি আমেরিকার ন্যাশনাল হকি লিগ-এও আলেকজান্ডার ওভেচকিনের মতো রুশ তারকারা প্রবল জনপ্রিয়। কিন্তু ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকে পরিস্থিতি আমূল বদলে যায়। বেজিং শীতকালীন অলিম্পিক্সে রাশিয়ার বিরুদ্ধে ফিনল্যান্ডের সোনা জয়ের ঠিক চারদিন পরেই যুদ্ধ শুরু হয়। এরপর থেকেই রাশিয়ার সঙ্গে সমস্ত ক্রীড়া সম্পর্ক ছিন্ন করে নর্ডিক দেশগুলি। ফিনল্যান্ডের রোকা হকি দলের কার্যনির্বাহী প্রধান মিকা তোইভোলার স্পষ্ট কথা, ইউক্রেনের উপরে আগ্রাসন যতদিন চলবে, আন্তর্জাতিক মঞ্চে রাশিয়ার ফেরাটা ততটাই অনুচিত। আন্তর্জাতিক মহলে এই বয়কটের পাশাপাশি স্থানীয় স্তরেও যুদ্ধের প্রভাব পড়েছে মারাত্মক।

 

একসময় বারেন্টস হকি লিগ-এর মতো অপেশাদার প্রতিযোগিতাকে কেন্দ্র করে ফিনল্যান্ড, নরওয়ে ও রাশিয়ার সীমান্তবর্তী শহরগুলির মধ্যে নিবিড় বন্ধুত্ব গড়ে উঠেছিল। ফিনিশ খেলোয়াড় ইয়ানে তেরভাহাউতা কিংবা নরওয়ের উইলিয়াম জোস্ট্রান্ডদের কাছে রুশ দলগুলির বিরুদ্ধে খেলা ছিল এক অনন্য সামাজিক আদানপ্রদান। একসময় রুশ দলগুলি ফিনল্যান্ডে গ্রীষ্মকালীন প্রশিক্ষণ শিবির করত, চলত প্রীতি ম্যাচও। কিন্তু আজ সেই অতীত কেবলই দীর্ঘশ্বাস। বারেন্টস সচিবালয়ের আধিকারিক মারগ্রেথ আলনেসের আক্ষেপ, খেলাধুলোর মাধ্যমে দীর্ঘ এক দশক ধরে যে বন্ধুত্ব ও আস্থার পরিবেশ তৈরি হয়েছিল, গত কয়েক বছরে তা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। ভবিষ্যতে যুদ্ধ থামলেও এই ভাঙা বিশ্বাস ফের জোড়া লাগতে বিস্তর সময় লাগবে।

READ MORE.....