Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

আয়নায় বারবার নিজের চেহারা দেখা কি মানসিক রোগ?

আয়নায় বারবার নিজের চেহারা দেখা কি মানসিক রোগ?

ঘর থেকে বেরোনোর আগে একবার আয়নায় নিজেকে দেখে নেওয়া আমাদের প্রাত্যহিক অভ্যাসের অংশ। কিন্তু এই অভ্যাস যখন নেশায় পরিণত হয়, তখন তা আর সাধারণ সাজগোজের মধ্যে সীমাবদ্ধ থাকে না। মনোবিজ্ঞানী ও বিশেষজ্ঞদের মতে, বারবার আয়নায় নিজের খুঁত খোঁজা বা নিজেকে দেখার এই প্রবণতা গভীর মানসিক উদ্বেগের লক্ষণ হতে পারে। যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় মিরর চেকিংবা বডি চেকিং। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, সোশ্যাল মিডিয়ার প্রভাবে তরুণ প্রজন্মের মধ্যে এই প্রবণতা আশঙ্কাজনক হারে বাড়ছে, যা তাদের আত্মবিশ্বাস বাড়ানোর বদলে কমিয়ে দিচ্ছে।

ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে-র এক গবেষণা অনুযায়ী, আয়না দেখার পেছনে কেবল সৌন্দর্য সচেতনতা নয়, বরং আত্মবিশ্বাসের অভাব কাজ করে।

সামাজিক ভীতি: অন্যরা আমার চেহারা নিয়ে কী ভাববে, এই ভয় থেকে অনেকে বারবার আয়না দেখেন।

অসন্তুষ্টি ও তুলনা: ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যানোরেক্সিয়া নার্ভোসা অ্যান্ড অ্যাসোসিয়েটেড ডিসঅর্ডারস-এর তথ্য বলছে, নিজের চেহারা নিয়ে যাদের মনে অসন্তুষ্টি রয়েছে, তারা বারবার আয়নায় নিজের শরীর পরীক্ষা করেন।

সোশ্যাল মিডিয়ার প্রভাব: ডিজিটাল যুগের ফিল্টার দেওয়া নিখুঁত ছবির সাথে নিজের বাস্তব চেহারার তুলনা করতে গিয়ে মানুষ আয়নার ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, আয়নার প্রতিচ্ছবি সাময়িকভাবে আমাদের কিছুটা শান্তি দিলেও দীর্ঘমেয়াদে এটি উদ্বেগ বাড়ায়। বারবার নিজের খঁত যাচাই করার ফলে মানুষের মধ্যে হীনম্মন্যতা তৈরি হয়। আয়না তখন আর আত্মবিশ্বাস বাড়ানোর হাতিয়ার থাকে না, বরং তা হয়ে ওঠে নিজের অসম্পূর্ণতা খোঁজার মাধ্যম। এর ফলে পড়াশোনা বা কর্মক্ষেত্রে মনোযোগ বিঘ্নিত হতে পারে।

সাধারণ সচেতনতা এবং ‘মিরর চেকিং’ ডিসঅর্ডারের মধ্যে পার্থক্য বোঝা অত্যন্ত জরুরি। চিকিৎসকরা নিচের লক্ষণগুলোকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন:

১. সাজগোজ শেষ হয়ে যাওয়ার পরও বারবার আয়নার সামনে ফিরে আসা। ২. দীর্ঘক্ষণ দেখার পরও নিজের চেহারার মধ্যে ‘কিছু একটা ঠিক নেই’ এমন অতৃপ্তি বোধ করা। ৩. ঘরের আয়না ছাড়াও রাস্তার জানলার কাচ, দোকানের স্বচ্ছ গ্লাস বা যেকোনো প্রতিফলনে নিজের চেহারা দেখার তীব্র ইচ্ছা। ৪. আয়না দেখতে না পেলে অস্থির বা বিচলিত হয়ে পড়া।

মনোবিদদের মতে, আয়নার ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে হলে বাস্তবতাকে গ্রহণ করা শিখতে হবে। নিজের ত্রুটিগুলো নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে মানসিক দৃঢ়তা অর্জনে মনোনিবেশ করা উচিত। যদি এই অভ্যাস দৈনন্দিন জীবনে বাধার সৃষ্টি করে, তবে দেরি না করে অভিজ্ঞ মনোবিদের পরামর্শ নেওয়া অপরিহার্য। মনে রাখতে হবে, বাহ্যিক চাকচিক্যের চেয়ে অভ্যন্তরীণ স্বস্তিই মানসিক সুস্বাস্থ্যের আসল চাবিকাঠি।

READ MORE.....