বৃহস্পতিবার বিকেলে পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে গৌরবাজার বাস স্ট্যান্ডে নির্বাচনী জনসভা করেন বীরভূমের তৃণমূল কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল। বক্তৃতায় বিজেপির প্রতি ক্ষোভ উগরে দেন তিনি। বলেন, বিজেপি চরম বাঙালি বিদ্বেষী দল। এরা বাংলায় ক্ষমতায় এলে চরম বিপর্যয় হবে বাঙালির। বাংলায় কথা বললে এরা বাংলাদেশি বলে, বাঙালির প্রিয় মাছ-মাংস খাওয়া এরা পছন্দ করে না। পাশাপাশি তিনি বলেন, বাঙালিদের প্রতি এদের হিংসা এতটাই যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে আড়াইশো জনের বেশি বাঙালিকে এরা খুন করেছে।
যাদের মৃত্যু হয়েছে তাদের একটাই অপরাধ—তারা বাংলায় কথা বলত, তারা পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে। তিনি বলেন, আমাদের বাংলাতে কিন্তু অন্যান্য রাজ্যের প্রচুর মানুষ কর্মসূত্রে থাকেন, আমরা কিন্তু কখনোই তাদের বাংলা ছেড়ে চলে যেতে বলি না। এটাই হচ্ছে বাংলা, এটাই বাংলার সংস্কৃতি। এনআরসি প্রসঙ্গে বলেন, এনআরসিতে মুসলমানদের নাম বাদ দিতে গিয়ে প্রচুর হিন্দুদের নাম কেটে দিয়েছে এরা। বলছে যাদের নাম কাটা গেছে তাদের ডিটেনশন ক্যাম্পে ভরবে, বাংলাদেশ পাঠাবে? যা খুশি করবে, আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষব!
ভোটে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গ রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা, আমাদের ধমকে-চমকে লাভ নেই, আমরা কাউকে ভয় পাই না। নরেন্দ্রনাথ চক্রবর্তীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে তিনি বলেন, নরেন জিতবে, তৃণমূল আবার সরকার গড়বে, আমরাই আছি আমরাই থাকব, তাই নিশ্চিন্তে ভোট দিন সবাই।














