এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন ও কলকাতার মেসি কান্ড নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে একহাত নিয়ে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দুপুরে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়ায় টাউন হলে ‘বুথ কর্মী’ সম্মেলনে মুল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা।
এছাড়াও ছিলেন প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, কুলটি ও দুর্গাপুরের দুই বিজেপি বিধায়ক ডঃ অজয় পোদ্দার, লক্ষ্মণ ঘোড়ুই, বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল সহ জামুরিয়ায় স্থানীয় বিজেপি নেতৃত্ব। কর্মীদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেন, বাংলায় চলা এসআইআর প্রক্রিয়া বিজেপির নজরদারি করছে। তৃণমূল কংগ্রেস ভোটার তালিকা কারচুপি করার চেষ্টা করবে। কিন্তু বিজেপির বিএলএ এবং বিএলএ ২ হিসেবে যারা কাজ করছে তাদের উপর কড়া নজর রাখছে।
তিনি আরও বলেন, ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে আমি জামুরিয়ায় আসবো এবং স্থানীয় বিজেপি কর্মীদের নিয়ে একটি লিট্টি চোখা পার্টি করবো। তিনি আরো বলেন, আলিপুরদুয়ার থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিবর্তন সংকল্প সভার ডাক দিয়েছিলেন। জামুরিয়া বিজেপির জায়গা। এখানে ২০১৪ সালেও বিজেপি লিড দিয়েছিল। জামুড়িয়ার বিধায়ক ও তার ছেলে এখানকার ত্রাস। তারা মানুষকে কথা বলতে দেয়না। এখানে ২৫ হাজার ভোটে বিজেপি প্রার্থী জিতবে বলে দাবি করেন বিরোধী দলনেতা। এই জামুড়িয়ায় ২৫টা কারখানা আছে।
তৃণমূল সেইসব কারখানা থেকে লুঠ করছে। এখানে কাজ পায় বাইরের লোক। বিজেপি এলে বাইরের লোককে কাজ করতে দেবো না। স্থানীয়রা বাসিন্দারা কাজ পাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা থেকে ৬৮০০টা শিল্প তাড়িয়েছে। সব জায়গায় চুরি হচ্ছে। তিনি বলেন, কলকাতায় মেসি নিয়ে যা হলো, তা সবার লজ্জা। কয়েকশো কোটির তছরূপ হয়েছে। রাজ্যের ক্রীড়া মন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের পদত্যাগে কিছু হবে না।
অরূপ বিশ্বাস ও সুজিত বসুকে গ্রেফতার করতে হবে। রাজীব কুমার অলিখিত মুখ্য সচিব। তাদেরকে শোকজ করাটা মমতা আইওয়াস, ছাড়া কিছু নয়। তৃণমূল কংগ্রেসে মেসিকে ভোটের আগে ব্যবহার করতে চেয়েছিলো। খেলা হবে বলেছিলেন। উল্টো খেলা হয়ে গেছে। বিহারের মতো এখানেও তৃণমূল কংগ্রেসকে সাফ করবো। বাবরকে যারা চান না, তারা পদ্ম ছাপে ভোট দেবেন বলে আমার আশা। সম্মেলনে কর্মীদের উদ্দেশ্যে জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য ও প্রাক্তন জিতেন্দ্র তেওয়ারি বলেন, জামুরিয়া একসময় শিল্পায়ন এবং কাজী নজরুল ইসলামের জন্য বিশ্বব্যাপী পরিচিত ছিলো।
কিন্তু আজ জামুরিয়ায় তৃণমূল কংগ্রেসের সমর্থনে সব ধরণের অবৈধ কার্যকলাপ চলছে। জামুরিয়াতে শ্রমিকদের বঞ্চনা করা হচ্ছে। কারখানার মালিক এবং তৃণমূল নেতাদের মধ্যে যোগসাজশের মাধ্যমে তারা বঞ্চিত হচ্ছেন। জিতেন্দ্র তিওয়ারি বলেন যে এটি চলতে দেওয়া হবে না। পরের বছর যখন ভারতীয় জনতা পার্টি বাংলায় সরকার গঠন করবে, তখন এখানকার শ্রমিকরা অবশ্যই তাদের ন্যায্য অধিকার পাবে।













