হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত আমতা গাজীপুর এলাকা থেকে দুটি বিপন্ন প্রজাতির ময়ূরী কাছিম বা ধুম কাছিম কে উদ্ধার করে পুনরায় পরিবেশে ফিরিয়ে দিলো স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াস। গাজীপুর এলাকার বাসিন্দা শুভ মালিক রাতের বেলা বাড়ি ফেরার সময় রাস্তায় একটি কাছিম দেখতে পেয়ে সেটি বাড়ি নিয়ে আসেন। পরে যোগাযোগ করেন আমতা গাজীপুরের স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াসের সদস্যদের সঙ্গে। প্রয়াসের সদস্য সম্রাট দোলুই ছোটো আকারের ময়ূরী কাছিমটি উদ্ধার করে পুনরায় একটি জলাশয়ে মুক্ত করে দেয়।
এছাড়া আমতা নওপাড়া এলাকার বাসিন্দারা একটি আট কেজি ওজনের ময়ূরী কাছিম পেয়ে খবর দেয় সুকুমার দোলুই’কে। সুকুমার দোলুই এতো বড়ো কাছিমটি নিয়ে প্রয়াস সংগঠনের সদস্যদের হাতে তুলে দেয়। পরবর্তীতে প্রয়াস সংগঠনের সদস্যরা কাছিম টিকে নিরাপদ জলাশয়ে মুক্ত করে দেয়। প্রসঙ্গত, এই ময়ূরী কাছিম বা পিকক সফট শেল টার্টল ১৯৭২ সালে ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইনের আওতায় তফসিলি ১ এর অন্তর্ভুক্ত, অর্থাৎ সর্বোচ্চ সংরক্ষণের আওতায়। এছাড়া আইইউসিএন-এর রেড লিস্ট বুকে এনডেঞ্জার্ড তালিকা ভুক্ত। বাসস্থান নষ্ট এবং মানুষের শিকারের ফলে এই বিপন্ন প্রজাতির কচ্ছপের সংখ্যা বর্তমানে ক্রমশ কমছে। এই অবস্থায় বিপন্ন প্রজাতির দুটি কাছিম কে রক্ষা করলো স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াসের সদস্যরা।













