চড়া দামে ডার্বির টিকিট বিক্রি নিয়ে সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। বিশেষ করে কলেজপড়ুয়া ছাত্রছাত্রীদের পক্ষে টিকিটের এত দাম দিয়ে মাঠে বসে খেলা দেখা কার্যত কঠিন হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত দুই দলের সমর্থকদের কথা মাথায় রেখে টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নিল আয়োজক ইস্টবেঙ্গল। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র হস্তক্ষেপের পরেই এই সিদ্ধান্ত। ২৯ নভেম্বর আইএসএলে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান। মঙ্গলবার ডার্বির টিকিটের দাম প্রকাশ্যে আসতেই শুরু হয় আলোচনা। সর্বনিম্ন টিকিটের দাম রাখা হয়েছিল ৩০০ টাকা।
সর্বোচ্চ দাম ছিল ২০০০ টাকা। মোট সাতটি বিভাগে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছিল। ডিস্ট্রিক্ট অ্যাপের মাধ্যমে অনলাইনে টিকিট বিক্রিও শুরু হয়ে যায়। কিন্তু দাম নিয়ে আপত্তি ওঠে দুই প্রধানের সমর্থকদের মধ্যে। সমর্থকদের সেই প্রতিক্রিয়া পৌঁছয় ক্রীড়ামন্ত্রীর কাছেও। বিষয়টি নিয়ে ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে কথা বলেন ইন্দ্রনীল। তিনি বলেন, তইস্টবেঙ্গল ও মোহনবাগানের অগণিত সমর্থকের কাছ থেকে সোশাল মিডিয়ার মাধ্যমে আসন্ন ডার্বির টিকিটের দাম নিয়ে একাধিক বার্তা পেয়েছি। এটি আইএসএল ম্যাচ। আয়োজক ইস্টবেঙ্গল। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। দুই ক্লাবের সব স্তরের সমর্থকদের কথা চিন্তা করে টিকিটের দাম কমানোর জন্য
ইস্টবেঙ্গল ক্লাবকে আবেদন জানিয়েছি।
বিশেষ করে ছাত্রছাত্রীদের কথা উল্লেখ করে ক্রীড়ামন্ত্রীর সংযোজন, তআমার বিশ্বাস, সর্বস্তরের ফুটবলপ্রেমীদের সুবিধার কথা মাথায় রেখে, বিশেষ করে যে কলেজপড়ুয়া ছাত্রছাত্রীরা মাঠে বসে ডার্বি উপভোগ করতে চান, তাঁদের কথা ভেবে আসন্ন ডার্বির টিকিটের দাম পুনর্বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হবে।দ ক্রীড়ামন্ত্রীর আবেদনে সাড়া দিয়েই শেষ পর্যন্ত টিকিটের দাম কমানোর কথা ঘোষণা করল লাল-হলুদ ক্লাব। ক্লাবের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ছাত্রছাত্রীদের অনুরোধের কথা মাথায় রেখে নতুন করে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন তালিকায় সর্বোচ্চ দাম কমে হয়েছে ৫৫০ টাকা। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ডার্বির টিকিট পাওয়া যাবে ২০০, ৩০০, ৪০০, ৫০০ এবং ৫৫০ টাকায়। কেবল তা-ই নয়, ইস্টবেঙ্গল সদস্যদের জন্য থাকছে বিশেষ ছাড়।
৩০০ টাকার টিকিট তাঁরা পাবেন মাত্র ১৫০ টাকায়। যাঁরা ইতিমধ্যেই পুরনো দামে টিকিট কেটে ফেলেছেন, তাঁদের অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছে লাল-হলুদ ক্লাব। বিবৃতিতে ইস্টবেঙ্গল জানিয়েছে, ‘সম্প্রতি বহু ছাত্রছাত্রী ইমেলের মাধ্যমে টিকিটের দাম কমানোর অনুরোধ জানিয়েছিলেন। তাঁদের মাঠে এসে খেলা দেখার সুবিধার্থে ক্লাব কর্তৃপক্ষ মাননীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলোচনা করে টিকিটের নতুন মূল্য নির্ধারণ করেছে।’উল্লেখ্য, পূর্বনির্ধারিত টিকিটের মূল্য ছিল ৩০০, ৪০০, ৪৯৯, ৬০০, ৭৫০, ১০০০ ও ২০০০ টাকা। তবে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র হস্তক্ষেপে ডার্বির আগে টিকিটের চড়া দাম নিয়ে বিতর্কে আপাতত ইতি পড়ল। পাশাপাশি ২৯ নভেম্বরের মহারণে গ্যালারি ভরানোর আহ্বানও জানিয়েছে ইস্টবেঙ্গল।














