Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

খাতড়া থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার যুবক

খাতড়া থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার যুবক

বাঁকুড়া জেলার খাতড়া এলাকা থেকে জঙ্গি কার্যকলাপের সন্দেহে গ্রেফতার করা হল ২০ বছরের যুবক মীর আসিফ আলিকে। অন্ধ্রপ্রদেশ পুলিশের একটি দল এসে স্থানীয় পুলিশের সহযোগিতায় এই অভিযান চালায় এবং গ্রেফতারের পর তাকে অন্ধ্রপ্রদেশে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, তেলেঙ্গানায় ধৃত তিন জঙ্গির মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখতে গিয়েই মীর আসিফ আলির নাম সামনে আসে।

 

অভিযোগ, তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এ কে সিরিজের রাইফেল হাতে একটি ছবিও পাওয়া যায়। পাশাপাশি, দেশবিরোধী বিভিন্ন কার্যকলাপের সঙ্গে তার যুক্ত থাকার প্রমাণ মিলেছে বলেই দাবি তদন্তকারীদের। সেই সূত্র ধরেই এই অভিযান চালানো হয়। গ্রেফতারের পর আসিফকে খাতড়া মহকুমা আদালতে পেশ করা হলে বিচারকের নির্দেশে তাকে ট্রানজিট রিমান্ডে অন্ধ্রপ্রদেশে নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে দেশবিরোধী একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, ধৃতের পরিবার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। পরিবারের দাবি, আসিফ নির্দোষ এবং এ ধরনের কোনও কার্যকলাপের সঙ্গে তার কোনও যোগ নেই। শুক্রবার তার বাড়িতে গিয়ে দেখা যায়, ছেলের গ্রেফতারের খবরে ভেঙে পড়েছেন মা।

 

পরিবার সূত্রে জানা গিয়েছে, উচ্চমাধ্যমিক পাশ করার পর আসিফ বিভিন্ন ব্যবসার চেষ্টা করলেও সফল হননি। পরে আর্থিক সমস্যার কারণে কাজের খোঁজে দিল্লিতে আত্মীয়দের কাছে যান। পরিবারের অভিযোগ, গভীর রাতে পুলিশ বাড়িতে ঢুকে তল্লাশি চালিয়ে তাকে তুলে নিয়ে যায়। ইতিমধ্যেই তার বাবা ও জেঠু অন্ধ্রপ্রদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং ছেলের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন। এদিকে, বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু না জানানো হলেও নিশ্চিত করা হয়েছে যে, অন্ধ্রপ্রদেশ পুলিশের চার সদস্যের একটি দল এসেছিল এবং তাদের সহযোগিতাতেই এই অভিযান চালানো হয়েছে। তদন্তকারীরা এখন ধৃতের সম্ভাব্য জঙ্গি যোগ ও নেটওয়ার্ক খতিয়ে দেখছেন।

READ MORE.....