Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

চিংড়িঘাটার মেট্রোর কাজ শুরুর সবুজ সংকেত দিল কলকাতা পুলিশ

চিংড়িঘাটার মেট্রোর কাজ শুরুর সবুজ সংকেত দিল কলকাতা পুলিশ

সুপ্রিম কোর্টের কড়া ধমক কাজে এল। মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই সুরবদল করল রাজ্য। চিংড়িঘাটা মোড়ে মেট্রোর থমকে থাকা কাজ শুরুর সবুজ সংকেত দিল কলকাতা পুলিশ। দীর্ঘ টালবাহানার পর অবশেষে ইএম বাইপাসের গুরুত্বপূর্ণ এই মোড়ে ট্র্যাফিক ব্লকের অনুমতি মিলল।

 

সব ঠিক থাকলে আগামী ১৫ মে থেকেই শুরু হচ্ছে অরেঞ্জ লাইনের নির্মাণ। নিউ গড়িয়া থেকে বিমানবন্দরগামী মেট্রো প্রকল্পের সবথেকে বড় কাঁটা ছিল চিংড়িঘাটার মাত্র ৩১৬ বর্গমিটার জমি। এই সামান্য অংশে লাইন জোড়ার কাজ থমকে থাকায় থমকে ছিল গোটা প্রকল্প। আরভিএনএল সূত্রে খবর, ১৫ মে থেকে ট্র্যাফিক ব্লক করে কাজ শুরু হবে। বর্ষা আসার আগেই ৩৬৬ মিটার লাইন জুড়ে কাজ শেষ করতে মরিয়া মেট্রো কর্তৃপক্ষ। ধাপে ধাপে পুলিশের কাছ থেকে তিন-চার দিনের ব্লকের অনুমতি চাওয়া হয়েছে। বিবাদের কেন্দ্রে ছিল ট্র্যাফিক নিয়ন্ত্রণ।

 

রাজ্য পুলিশের দাবি ছিল, বাইপাসের এই ব্যস্ত মোড়ে যান চলাচল বন্ধ করলে শহর স্তব্ধ হবে। যদিও কলকাতা হাই কোর্ট অনেক আগেই এই জট কাটাতে এনওসি দেওয়ার নির্দেশ দিয়েছিল। শেষমেশ গত ২৩ মার্চ মামলাটি পৌঁছায় সুপ্রিম কোর্টে। সেখানেই বিচারপতিদের নজিরবিহীন ভর্ৎসনার মুখে পড়ে রাজ্য সরকার। বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চ সাফ জানায়, হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে। রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ প্রধান বিচারপতি মন্তব্য করেন, ‘সব কিছু রাজনীতির মধ্যে টেনে আনবেন না। এটা উন্নয়নের বিষয়।’ আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, চিংড়িঘাটা মেট্রোর কাজ নিয়ে রাজ্য সরকার সাংবিধানিক দায়িত্ব পালনে গাফিলতি করেছে।

 

মামলা প্রত্যাহার না করলে তা খারিজের হুঁশিয়ারিও দেওয়া হয়। শীর্ষ আদালতের এই কড়া বার্তার পরই নড়েচড়ে বসে প্রশাসন। গত ২৬ মার্চ বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পুলিশ মেট্রোকে কাজ শুরুর প্রস্তাব পাঠায়। আপাতত ১৫ মে-র পরবর্তী দিনগুলিতে আলোচনার মাধ্যমে কাজের চূড়ান্ত সূচি তৈরি হবে। এর ফলে কয়েক বছরের প্রতীক্ষা শেষে এবার গতির মুখ দেখতে চলেছে অরেঞ্জ লাইন। বিমানবন্দরগামী যাত্রীদের জন্য যা এক বিরাট স্বস্তির খবর। ফাইল ফটো।

READ MORE.....