দুর্দিনে নেপালের পাশে থাকার আশ্বাস মোদির। ভয়াবহ বৃষ্টির জেরে বিধ্বস্ত প্রতিবেশী দেশ নেপাল। হড়পা বান, ভূমিধসের জেরে সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫১ জনের। গুরুতর এই পরিস্থিতিতে নেপালের পাশে থাকার আশ্বাস দিল ভারত। সোশাল মিডিয়ায় বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন, ‘কঠিন এই সময়ে নেপালের মানুষের পাশে রয়েছে ভারত সরকার। ভারত প্রতিবেশীর বিপদে সবরকম সাহায্য করতে প্রস্তুত।’
নেপালে ভয়াবহ বিপর্যয়ের তথ্য প্রকাশ্যে আসার পর তাদের পাশে থাকার বার্তা দিয়ে এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, ‘নেপালে ভারী বৃষ্টিপাতের জেরে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই কঠিন সময়ে আমরা নেপালের সাধারণ মানুষ এবং সরকারের পাশে আছি। বন্ধু প্রতিবেশীর বিপদে তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়াই আমাদের অগ্রাধিকার। এই কঠিন সময়ে যে কোনও প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ ভারত।’















