পর্যটকদের কলকাতা ফেরাতে বিশেষ বাস শিলিগুড়িতএ। লাগাতার বৃষ্টিে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত। পরিসংখ্যান বলছে, গত ১২ ঘণ্টায় ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বেড়াতে গিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন পর্যটকরা।
পাহাড়ি পথে বিভিন্ন জায়গায় ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে বিভিন্ন রাস্তা। শুধু তাই নয়, দার্জিলিংয়ের বিভিন্ন পর্যটনস্থলগুলিও বন্ধ করে দেওয়া হয়েছে। এই অবস্থায় দ্রুত পাহাড় ছাড়ছেন পর্যটকরা। অনেকেই কলকাতায় ফিরতে চাইছেন। বিপর্যস্ত উত্তরের রেল পরিষেবাও।
পর্যটকদের কথা মাথায় রেখে বিশেষ বাস সার্ভিস চালু করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (এনবিএসটিসি)। আজ রবিবার শিলিগুড়ি থেকে কলকাতা রুটে তিনটি স্পেশাল বাস চালানো হবে। যার মধ্যে তেনজিং নোরগে বাস টার্মিনাস একটি বাস ছাড়বে সাড়ে পাঁচটা নাগাদ।
অনলাইনের মাধ্যমে এই বাসের টিকিট বুকিং করা যাবে। এছাড়াও বিকেলে ছটা এবং সন্ধ্যা ৭টায় আরও একটি করে বাস চালানো হবে বলে জানানো হয়েছে। বাসের টিকিট স্ট্যান্ড থেকেই পাওয়া যাবে। যাত্রীদের কথা মাথায় রেখে প্রয়োজনে শিলিগুড়ি-কলকাতা রুটে আরও বাস চালানো হবে বলেও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফে জানানো হয়েছে।















