বাংলাদেশে তখনো শেখ হাসিনার সরকার বর্তমান। ২০২৪ সালের মে মাসে নিউটাউনের উদ্ধার হয়েছিল আওয়ামী লিগের সাংসদ আনওয়ারুল আজিমের দেহ। সেপটিক ট্যাঙ্কে উদ্ধার হয়েছিল খণ্ডবিখণ্ড দেহাংশ। হাসিনা সরকার দাবি করেছিলেন, কলকাতায় তাঁকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। এবার সেই নিহত নেতার মেয়ে মুমতারিন ফিরদৌস ওরফে ডরিনকে আটক করল ঢাকার পুলিশ।
হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে জল্পনার মাঝেই নতুন করে তপ্ত হতে শুরু করেছে পদ্মাপার। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্নপ্রান্তে জারি অশান্তি। আওয়ামী লিগের নেতা-কর্মী থেকে সমর্থকদের সক্রিয়তা বেড়েছে দিকে দিকে। সে দেশের পরিস্থিতি সামাল দিতে পুলিশের সঙ্গে তৎপর আধাসেনাও। চলছে ধরপাকড়। আওয়ামী লিগের বহু নেতা-কর্মীদের ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে ঢাকার লালমাটিয়ে এলাকায় হানা দেয় ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগ। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় সাংসদ কন্যা মুমতারিনকে। ঢাকা পুলিশের তরফে দাবি করা হয়, বাংলাদেশে অশান্তি ছড়ানোর নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগে মুমতারিনকে আটক করা হয়েছে।














