দেশের মাটিতে প্রথমবার আয়োজিত বিশ্ব আর্মরেসলিং মঞ্চে নিজেদের দাপট প্রমাণ করল ভারতীয় ক্রীড়াবিদরা। নয়া দিল্লিতে চলমান ৪৭তম বিশ্ব আর্মরেসলিং এবং ২৮তম বিশ্ব প্যারা আর্মরেসলিং চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর ফাইনালের প্রথম দু’দিনেই চারটি স্বর্ণ, দুটি রৌপ্য ও ১৪টি ব্রোঞ্জ সহ মোট ২০টি পদক জিতে নিয়েছে ভারত। এই নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে রাশিয়া, কাজাখস্তান ও তুরস্কের পেছনে থেকে সামগ্রিক পদক তালিকায় আপাতত চতুর্থ স্থানে অবস্থান করছে ভারত।
পিপলস আর্মরেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া ও ওয়ার্ল্ড আর্মরেসলিং ফেডারেশন-এর তত্ত্বাবধানে আয়োজিত এই মেগা প্রতিযোগিতায় বিশ্বের ৬০টিরও বেশি দেশের প্রায় ১৭০০ প্রতিযোগী অংশ নিয়েছেন। ভারতের এই ঐতিহাসিক সাফল্যের মূল কান্ডারি মাস্টার্স বিভাগের প্রতিযোগীরা। বিশেষ করে নজর কেড়েছেন জিনসিমোল সেবাস্তিয়ান, যিনি গ্র্যান্ড মাস্টার উইমেন্স ৮০ কেজি বিভাগে ডান ও বাঁ—উভয় হাতেই দেশকে জোড়া সোনা এনে দিয়েছেন। পাশাপাশি মাস্টার উইমেন্স ৮০+ কেজি বিভাগে যোগেশ চৌধুরী ডান হাতে সোনা ও বাঁ হাতে ব্রোঞ্জ জিতেছেন। পুরুষদের ৬০ কেজি বিভাগে শওকত ভিটি ডান হাতে সোনা এবং বাঁ হাতে ব্রোঞ্জ নিশ্চিত করেন।
এছাড়া ইয়ুথ ও সাব-জুনিয়র বিভাগের তরুণ পঞ্জা যোদ্ধারাও আন্তর্জাতিক মঞ্চে দারুণ সাফল্য তুলে ধরেন। ইয়ুথ ৬৫ কেজি বিভাগে জিমিসন মারউইন রৌপ্য পদক লাভ করেন। পাশাপাশি বিভিন্ন বিভাগে আভাষ রানা, লেইথানসাঙ্গা, অজয় কুমার ও বিষ্ণুপ্রিয়া পি ব্রোঞ্জ জেতেন। সাব-জুনিয়র পর্বেও আর্যন সিং, ইউমনাম চিংখেই সিং এবং শেন সালিশ ব্রোঞ্জ জিতে দেশের পদক সংখ্যা বৃদ্ধি করেন। সাব-জুনিয়র থেকে শুরু করে গ্র্যান্ড মাস্টার—পাঁচটি ভিন্ন বয়সভিত্তিক বিভাগেই ভারতীয় ক্রীড়াবিদদের এই পদক লাভ প্রমাণ করে দেশে আর্মরেসলিংয়ের প্রসার কতটা দ্রুত বাড়ছে।














