Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ইন্দ্রনীল সেনের স্ত্রীকে তলব লালবাজারের

ইন্দ্রনীল সেনের স্ত্রীকে তলব লালবাজারের

ইন্দ্রনীল সেনের স্ত্রীকে তলব লালবাজারের। সেই মতোই শুক্রবার বিকেলে লালবাজারে পৌঁছে যান ইন্দ্রনীলের স্ত্রী। দুর্নীতি কাণ্ডে আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন ইন্দ্রনীল-জায়া। রক্ষাকবচ নিয়ে দুর্নীতি কাণ্ডে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন প্রাক্তন মন্ত্রীর সহধর্মিনী।

 

পুজোর ই-পাস মামলায় গত বুধবার কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। ইডির জেরার পর সিজিও কমপ্লেক্স থেকে বেরতেই প্রাক্তন মন্ত্রীকে গ্রেপ্তার করে লালবাজারের গোয়েন্দা সেল। ইন্দ্রনীল সেন মমতা সরকারের আমলে তথ্য সংস্কৃতি মন্ত্রী ছিলেন। অভিযোগ ওঠে তাঁর আমলে বিপুল অঙ্কের পাস দুর্নীতি হয়েছে। সেই আর্থিক দুর্নীতির সঙ্গে ইন্দ্রনীল সরাসরি যুক্ত বলে দাবি। ‘মাস আর্ট’ প্রতারণা মামলায় তদন্ত করছে লালবাজারের গোয়েন্দা শাখা। কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে মামলার তদন্ত শুরু করেছে ইডি।

 

বুধবার সিজিও কমপ্লেক্সে ইডির সমনে হাজিরা দিতে যান প্রাক্তন মন্ত্রী। সেখান থেকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করে ইন্দ্রনীলকে। বউবাজার থানায় ‘মাস আর্ট’ নামক একটি সংস্থার মাধ্যমে দুর্গাপুজোর প্রিভিউ শোয়ের ভিআইপি পাস বিক্রি ও কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ট্রাভেল এজেন্ট মামলাটি দায়ের করেছিলেন গত জুন মাসে। সেই অভিযোগের তদন্তে নেমেই এবার দুর্নীতির শিকড় খুঁজতে তৎপর লালবাজার। অন্যদিকে, পাস বিক্রি ঘিরে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে মামলার তদন্ত শুরু করেছে ইডি।

 

লালবাজারের গোয়েন্দাদের দাবি, ইউনেস্কোর নাম, সুনাম ও লোগো বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করার প্রয়োজনীয় অনুমোদন ‘মাস আর্টে’র ছিল না। দুর্গাপুজোর পাস বিক্রি ছাড়াও মন্ত্রিপদের অপব্যবহার করে তথ্য সংস্কৃতি দপ্তরের অনুষ্ঠান ও বইমেলায় কোটি কোটি টাকার টেন্ডার বেআইনিভাবে ঘনিষ্ঠদের পাইয়ে দেওয়ার মতো মারাত্মক অভিযোগও রয়েছে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। গোয়েন্দাদের দাবি, আপাতত পুজো ও টেন্ডার কাণ্ড মিলিয়ে প্রায় ১১৫ কোটি টাকার বেশি প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে।

 

এই সংক্রান্ত বেশ কিছু তথ্য পেতেই বুধবার গভীর রাত পর্যন্ত সংগৃহীত নানা গুরুত্বপূর্ণ তথ্য ও নথি, ব্যয় সংক্রান্ত অ্যাকাউন্ট সামনে রেখে ইন্দ্রনীল সেনকে জেরা করেন গোয়েন্দারা। দীর্ঘ জেরা পর্বে তিনি একাধিক তথ্য এড়িয়ে যান বলে খবর। বর্তমানে ১০ দিনের পুলিশি হেফাজতে রয়েছেন প্রাক্তন মন্ত্রী। লালবাজারের অভিযোগ, ইন্দ্রনীলের মদতে ইউনেস্কোর নাম ভাঁড়িয়ে ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত পুজোয় মাস আর্টকে সামনে রেখে কমপক্ষে ৩০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। ইন্দ্রনীলের স্ত্রী মেয়ে, আত্মীয়র নামে থাকা বেশ কয়েকটি ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে।

READ MORE.....