পুরাতন মালদার তাঁতীপাড়া শক্তি সংঘ ময়দান শুক্রবার পরিণত হয় রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চে। এদিন দুপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে করে সভাস্থলে পৌঁছান। মঞ্চের পাশেই তাঁর অবতরণ ঘিরে মুহূর্তের মধ্যে উত্তেজনা ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে সমগ্র এলাকাজুড়ে।সভায় উপস্থিত হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে মালদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষের সমর্থনে জোরালো সুরে ভোটের আবেদন জানান মুখ্যমন্ত্রী।
জনসমুদ্রের উপস্থিতি প্রমাণ করে দেয়, এই সভা ঘিরে মানুষের আগ্রহ ও প্রত্যাশা কতটা তুঙ্গে পৌঁছেছিল।বক্তব্যের শুরুতেই নিজের দলের প্রার্থী লিপিকা বর্মন ঘোষের ভূয়সী প্রশংসা করেন তিনি। এরপর সরাসরি বিজেপিকে নিশানা করে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ভোটের সময় কোকিল পাখির মতো আসে, ভোট মিটলেই আর খোঁজ থাকে না।
এই মন্তব্যে সভাস্থলে উপস্থিত জনতার মধ্যে সাড়া পড়ে যায়।তিনি আরও আত্মবিশ্বাসের সঙ্গে জানান, আগামী দিনেও বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় থাকবে। তাঁর এই বার্তায় স্পষ্ট,ভোটের লড়াইয়ে জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী শাসকদল।সভা ঘিরে নিরাপত্তার কড়াকড়ি থাকলেও, সাধারণ মানুষের উৎসাহ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।পুরাতন মালদার এই জনসভা কার্যত নির্বাচনী আবহকে আরও তীব্র করে তুলল।















