সন্দেহভাজন এই জঙ্গির দু’জনের বাড়ি মিরাট ও বাকি দু’জন নয়ডার বাসিন্দা। তদন্তকারীদের দাবি, এই ৪ জনের পাকিস্তানের সঙ্গে যোগ রয়েছে। সেখান থেকে আসা নির্দেশ মেনেই লখনউয়ের চারবাগে বিস্ফোরণের ছক কষছিল এরা।
পুলিশের তরফে জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া ৪ জন সাকিব ওরফে ডেভিড (২৫), আরবাব (২০), বিকাশ গেহলওয়াত ওরফে রৌনক (২৭) এবং লোকেশ ওরফে পোপলা পণ্ডিত (১৯)। দাবি করা হয়েছে, অভিযুক্তরা অগ্নিসংযোগ বা বিস্ফোরণ মাধ্যমে লখনউ রেল লাইনের সিগন্যাল ও সম্পত্তি নষ্টের ষড়যন্ত্র করেছিল। এর জন্য লখনউতে জড়ো হয়েছিল অভিযুক্তরা।
গোপন সূত্রে খবর পেয়েই তল্লাশি অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। সন্দেহভাজনদের কাছ থেকে একটি দাহ্য পদার্থে ভরা ক্যান, ৭টি স্ম্যার্টফোন, ২৪টি প্রম্পপ্লেট ও আধার কার্ড উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে মূল অভিযুক্ত পেশায় একজন নাপিত।















