কলকাতা সফরে এসে একদিকে নতুন ছবির কাজের সূচনা, অন্যদিকে কালীঘাট মন্দিরে পুজো। সেই পর্ব শেষ করেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে আশাবাদী মন্তব্য করলেন বলিউড অভিনেতা অনুপম খের। তাঁর বক্তব্য, ‘উনি অত্যন্ত কর্মঠ। কিছু করতে চান, পরিবর্তন আনতে চান। আমার বিশ্বাস, আগামী দিনে পশ্চিমবঙ্গের জন্য অনেক কাজ করবেন’। দীর্ঘ ২৬ বছর পর বাংলা চলচ্চিত্রের সঙ্গে আবার যুক্ত হচ্ছেন অনুপম খের। এবার অভিনেতা হিসেবে নয়, প্রযোজকের ভূমিকায়।
কলকাতায় নতুন ছবির মহরত এবং একটি নাটকের মঞ্চায়নের ব্যস্ততার মধ্যেও রবিবার সকালে তিনি কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আমি প্রায় প্রতি বছরই মা কালীর আশীর্বাদ নিতে এখানে আসি। তবে এবার আসার অনুভূতিটা একটু আলাদা’। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর বৈঠকের প্রসঙ্গও উঠে আসে। অনুপম বলেন, ‘ওঁর সঙ্গে দেখা করে খুব ভালো লেগেছে। শুধু সিনেমা জগতের জন্য নয়, বাংলার মানুষের জন্যও নতুন আশা দেখছি’। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং তাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন।
‘ওঁর কথাবার্তা থেকে ইতিবাচক শক্তি পেয়েছি,’ বলেন অভিনেতা। শুধু সংস্কৃতি নয়, অর্থনীতি নিয়েও মন্তব্য করেন অনুপম খের। তাঁর কথায়, ‘কোনও রাজ্যের উন্নতি তখনই হয়, যখন সেখানে ব্যবসা আসে, কর্মসংস্থান তৈরি হয় এবং সাধারণ মানুষের জীবন এগিয়ে যায়। যেখানে বাণিজ্যের সুযোগ ও সমতা থাকে, সেখানেই উন্নয়ন সম্ভব’। অনুপমের এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন পশ্চিমবঙ্গে শিল্প, বিনিয়োগ এবং সাংস্কৃতিক পরিকাঠামো নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। সেই প্রেক্ষাপটে এক জনপ্রিয় বলিউড অভিনেতার মুখে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসা স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলেও নতুন আলোচনার জন্ম দিয়েছে।













