গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে চাকরি দেওয়ার নাম করে পশ্চিমবঙ্গের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ভুয়ো বিজ্ঞাপন প্রচার করে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে প্রতারণা করে বড় অঙ্কের টাকা আদায় করেছিল বিপ্রদীপ বিশ্বাস ওরফে সোহাগ বিশ্বাস। আমতা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে সহায়ক পদে নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞাপন দেওয়া হয়। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে চাকরি প্রত্যাশীদের তরফ থেকে আমতা থানায় অভিযোগ দায়ের করা হয়।
এই অভিযোগের ভিত্তিতে আমতা থানার পুলিশ অভিযুক্ত বিপ্রদীপ বিশ্বাসকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে ১৭ টি এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বিপ্রদীপ বিশ্বাস নিজেকে একটি কোম্পানির কর্মী বলে পরিচয় দিত। এছাড়াও পুলিশী তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি একজন অভিজ্ঞ প্রতারক। এর আগে বেলেঘাটা থানাতেও তার নামে মামলা রয়েছে।















